দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনারকে (ভূমি) প্রত্যাহার করেছে সরকার। প্রত্যাহারের পর তাদের সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রত্যাহার করা কর্মকর্তাদের মধ্যে বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভিন্ন উপজেলায় কর্মরত এসিল্যান্ডরা রয়েছেন।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, এসব কর্মকর্তা নিজ নিজ কর্মস্থলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন আদেশের পর তাদের সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে এবং পরবর্তী সময়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়ন করা হবে।
প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম, পরিচিতি নম্বর, বর্তমান কর্মস্থল এবং যে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে, তা উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া কর্মকর্তাদের তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং সরকারি কর্মচারী ব্যবস্থাপনা ব্যবস্থায় হালনাগাদ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করেছে।
























