১৯৬৪ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার লিঞ্চবার্গে জন্মগ্রহণ করেন অ্যান্থনি ক্লার্ক। বোস্টনের এমারসন কলেজ থেকে ১৯৮৬ সালে গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। কলেজে পড়ার সময়ই কমেডির প্রতি আগ্রহ তৈরি হয় তার। সে সময় ‘আমেরিকান কলেজিয়েট ট্যালেন্ট শোকেস’-এ ‘টপ কলেজ কমেডিয়ান’ পুরস্কারও জিতেছিলেন তিনি।
স্ট্যান্ড-আপ কমেডির প্রতি নিজের ভালোবাসার কথা এক সাক্ষাৎকারে তুলে ধরেছিলেন ক্লার্ক।
২০০৬ সালে ‘দ্য কমিকস কমিক’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি স্ট্যান্ড-আপ কমেডি ভালোবাসি, কারণ এতে দর্শকদের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়। এখানে কোনো পরিচালক থাকেন না।ক্লার্কের ক্যারিয়ারে সবচেয়ে উল্লেখযোগ্য কাজ সিবিএসের জনপ্রিয় সিটকম ‘ইয়েস, ডিয়ার’। এতে গ্রেগ ওয়ার্নার চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান তিনি। সিরিজটিতে একই বাড়িতে বসবাসকারী দুই দম্পতির জীবন, পারিবারিক সম্পর্ক এবং সন্তান লালন-পালন নিয়ে তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছিল।
টেলিভিশনের পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন এই অভিনেতা। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ডগফাইট’, ‘দ্য থিং কলড লাভ’ ও ‘দ্য রক’। এ ছাড়া ‘বোস্টন কমন’, ‘সোল ম্যান’ এবং ‘লাস্ট কমিক স্ট্যান্ডিং’-এর মতো টেলিভিশন অনুষ্ঠানেও দেখা গেছে তাকে। ১৯৯৫ সালে এইচবিওর ‘ইয়াং কমেডিয়ানস স্পেশাল’-এর চতুর্থ আসরের উপস্থাপনার দায়িত্বও পালন করেন তিনি।