দেশীয় রপ্তানি পণ্যের বৈচিত্র্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরা এবং নতুন বাজার সম্প্রসারণের লক্ষ্য নিয়ে আগামীকাল (১৫ নভেম্বর) শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬ ঢাকা’। রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এ প্রদর্শনীতে ১০টির বেশি দেশের ক্রেতা, বিনিয়োগকারী ও ব্যবসায়িক প্রতিনিধিরা অংশ নেবেন। এবারের আয়োজনে ১৬১টি প্রতিষ্ঠানের জন্য থাকছে ২৪০টি স্টল।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মতো এ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে এ মেলা।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে ইপিবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরেন সংস্থাটির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান আরিফ।
অংশগ্রহণকারী খাতগুলোর মধ্যে রয়েছে তৈরি পোশাক ও বস্ত্র, চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য ও হস্তশিল্প, কৃষি ও কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, ফার্নিচার ও হোম ডেকর, ওষুধশিল্প, তথ্যপ্রযুক্তি, কাগজ ও প্যাকেজিং, অটোমোবাইল ও বাইসাইকেল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং সিরামিকস ও টেবিলওয়্যার।
আয়োজকেরা জানান, এবারের এক্সপো কেবল পণ্য প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তিন দিনের আয়োজনজুড়ে চারটি বিশেষ সেমিনার, কারখানা পরিদর্শন, ব্যবসায়িক বৈঠক (বিটুবি), নেটওয়ার্কিং ডিনার ও ফ্যাশন শোর ব্যবস্থা রাখা হয়েছে। এসব আয়োজনে বহুজাতিক কোম্পানি, সরবরাহব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিনিধি এবং বিভিন্ন দেশের রপ্তানি বাজারের নীতিনির্ধারণী পর্যায়ের ব্যবসায়িক ব্যক্তিরাও অংশ নেবেন।
হাসান আরিফ বলেন, এ প্রদর্শনীর মাধ্যমে দেশের উৎপাদক ও রপ্তানিকারকেরা নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পাবেন। একই সঙ্গে বিদেশি ক্রেতা ও আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ বাড়ানো, দীর্ঘমেয়াদি বাণিজ্যিক চুক্তি এবং নতুন বিনিয়োগ আকর্ষণের সম্ভাবনা তৈরি হবে।
সংবাদ সম্মেলনে ইপিবির মহাপরিচালক মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ, মো. রুহুল আমিনসহ সংস্থাটির অন্যান্য পরিচালক উপস্থিত ছিলেন।

























