শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় রাজধানীর বাজারে কমেছে ফুলকপি, নতুন আলু ও কাঁচা মরিচের দাম। তবে উল্টো চিত্র মসলার বাজারে। জিরা, এলাচ ও লবঙ্গের দাম বেড়েছে। অন্যদিকে, মুরগি ও ডিমের দামে কিছুটা স্বস্তি ফিরলেও বেশির ভাগ মাছ বিক্রি হচ্ছে আগের চড়া দামেই।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর নিউমার্কেট, হাতিরপুল,মিরপুর ও লালবাগসহ বিভিন্ন এলাকার বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
বাজারে প্রতিটি ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। গত সপ্তাহে একই আকারের ফুলকপি কিনতে ক্রেতাদের গুনতে হয়েছে ৬০ থেকে ৭০ টাকা। নতুন আলুর দাম কেজিতে ৩০ টাকা কমে ১২০ টাকায় নেমেছে। তবে পুরোনো আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকায়।
মিরপুরের সবজি বিক্রেতা রুবেল বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাজারে শীতকালীন সবজি আসতে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সরবরাহ বেড়েছে। এ কারণে কয়েক ধরনের সবজির দাম কমেছে। আগামী কয়েক দিনে সরবরাহ আরও বাড়লে দামও কমতে পারে।
সবজির বাজারে স্বস্তি ফিরলেও মসলার বাজারে বেড়েছে ক্রেতাদের খরচ। বিশেষ করে জিরা ও এলাচের দাম ঊর্ধ্বমুখী। গত দুই সপ্তাহে জিরার দাম কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বেড়ে বর্তমানে ৫৪০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
এলাচের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে। ১৫ থেকে ২০ দিন আগে প্রতি কেজি এলাচের দাম ছিল ৪ হাজার ৩০০ থেকে ৫ হাজার ২০০ টাকা। বর্তমানে তা বেড়ে ৪ হাজার ৬০০ থেকে ৫ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া দেড় মাসের ব্যবধানে লবঙ্গের দাম কেজিতে প্রায় ৫০ টাকা বেড়ে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় দাঁড়িয়েছে।
চালের বাজারে সরু চাল প্রতি কেজি ৭০ থেকে ৮৫ টাকা, মাঝারি চাল ৫৫ থেকে ৬৪ টাকা এবং মোটা চাল ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় সরু ও মাঝারি চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা বেড়েছে। তবে মোটা চালের দাম অপরিবর্তিত রয়েছে।
মুরগির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। কয়েক মাস ধরে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে বাজারভেদে তা ১৭০ থেকে ১৮০ টাকায় পাওয়া যাচ্ছে। লেয়ার মুরগির দাম কেজিপ্রতি ২৩০ থেকে ২৪০ টাকা।
অন্যদিকে, বাদামি ডিমের দাম ডজনে ১০ টাকা কমে ১৫০ টাকায় নেমেছে। ফলে মুরগি ও ডিম কিনতে আগের তুলনায় কিছুটা কম খরচ করতে হচ্ছে ক্রেতাদের।
মাছের বাজারে অবশ্য স্বস্তির খবর নেই। অধিকাংশ মাছই বিক্রি হচ্ছে আগের উচ্চ দামে। বাজারে প্রতি কেজি রুই মাছ ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া প্রতি কেজি কাতলা ৩৫০ থেকে ৩৮০ টাকা, চাষের কই ২০০ থেকে ২২০ টাকা এবং পাবদা ৩৮০ থেকে ৪২০ টাকায় বিক্রি হচ্ছে।
সব মিলিয়ে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কিছু পণ্যের দাম কমলেও মসলা ও মাছের বাজারে বাড়তি দাম অব্যাহত রয়েছে। এতে নিত্যপণ্যের বাজারে একদিকে স্বস্তি ফিরলেও অন্যদিকে ক্রেতাদের ব্যয়ের চাপ এখনো কমেনি।

























