সকালে কী পোশাক পরবেন, দুপুরে কী খাবেন কিংবা ছুটির দিনে কোথায় ঘুরতে যাবেন—এমন ছোটখাটো সিদ্ধান্ত নিতে সাধারণত খুব বেশি ভাবতে হয় না। কিন্তু বন্ধুদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করতে গিয়ে হোটেল বুক করা, গাড়ি ভাড়া ঠিক করা কিংবা কোথায় যাবেন তা বেছে নেওয়ার দায়িত্ব পড়লেই কি সবকিছু এড়িয়ে যেতে ইচ্ছা করে? এমনটা হলে নিজেকে সিদ্ধান্তহীন ভাবার কারণ নেই।
সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি মূলত একধরনের মানসিক অবসাদ। মনোবিদদের মতে, দিনের পর দিন অনেক সিদ্ধান্ত নিতে হলে মস্তিষ্কের ওপর চাপ পড়ে।
এই ক্লান্তি বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে। যেমন—
সিদ্ধান্ত এড়িয়ে চলা: জরুরি কাজ পিছিয়ে দেওয়া বা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে না চাওয়া। এমনকি পোষ্যকে চিকিৎসকের কাছে নেওয়ার মতো প্রয়োজনীয় কাজও ভুলে যেতে পারেন কেউ কেউ।
ভুল সিদ্ধান্ত নেওয়া: একের পর এক কঠিন সিদ্ধান্ত নেওয়ার পর অসতর্কতা বাড়তে পারে। তখন অপ্রয়োজনীয় কেনাকাটা বা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার মতো সিদ্ধান্ত নেওয়া হয়।
অতিরিক্ত ক্লান্তি: শারীরিক, মানসিক ও আবেগগতভাবে নিঃশেষ বোধ হতে পারে। তখন শুধু বিশ্রাম নিতে ইচ্ছা করে।
মনোযোগে সমস্যা: কোনো কাজে মনোযোগ ধরে রাখা, কথা বলার সময় বাক্য শেষ করা কিংবা অন্যের কথা ঠিকমতো বুঝতে অসুবিধা হতে পারে।
খিটখিটে মেজাজ: সামান্য বিষয়েও বিরক্তি বা রাগ তৈরি হতে পারে।
চাপে দিশেহারা হওয়া: অনেক সিদ্ধান্ত একসঙ্গে সামনে এলে মনে হতে পারে, আর কোনো চাপ সামলানোর ক্ষমতা নেই।
অনুশোচনা: সিদ্ধান্ত নেওয়ার পরও সেটি ঠিক ছিল কি না, তা নিয়ে বারবার ভাবতে পারেন।
শারীরিক অস্বস্তি: মানসিক চাপের সঙ্গে মাথাব্যথা, চোখের পাতা কাঁপা, বমি ভাব বা পেটের অস্বস্তির মতো সমস্যাও দেখা দিতে পারে।
কিভাবে সামলাবেন?
সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি কমাতে দৈনন্দিন কিছু অভ্যাসে পরিবর্তন আনতে পারেন।
নিজেকে সময় দিন: সব সিদ্ধান্ত দ্রুত নেওয়ার প্রয়োজন নেই। বিশেষ করে জটিল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুক্ষণ সময় নিন। অতিরিক্ত ক্লান্ত বা আবেগপ্রবণ অবস্থায় বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো।
আগে থেকে পরিকল্পনা করুন: পরের দিনের পোশাক ঠিক করে রাখা, খাবারের পরিকল্পনা করা এবং জরুরি কাজের তালিকা তৈরি করলে দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার চাপ কমে।
বিশ্রাম নিন: একটানা কাজ না করে মাঝেমধ্যে বিরতি নিন। কিছুক্ষণ হাঁটুন, শরীর প্রসারিত করুন কিংবা শান্ত হয়ে বসুন। এতে মন কিছুটা স্বস্তি পেতে পারে।
জরুরি সিদ্ধান্ত অযথা পিছিয়ে দেবেন না: কোনো বিষয় এড়িয়ে গেলে সাময়িক স্বস্তি মিললেও পরে তা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। তাই প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো ধাপে ধাপে নেওয়ার চেষ্টা করুন।
সারাদিনের সিদ্ধান্ত নেওয়ার চাপ কমাতে ছোটখাটো বিষয় আগে থেকে গুছিয়ে রাখুন। এতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য সময় ও মানসিক শক্তি দুটোই বাঁচবে।


























