পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার মধ্যেই নতুন করে অস্থিরতা শুরু হয়েছে ইরানে। রাজধানী তেহরানে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও মিছিলে উত্তাল রাজপথ। গত ডিসেম্বর-জানুয়ারির আন্দোলনে নিহতদের বিচার এবং রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এবার রাজপথে নেমেছে দেশটির তরুণ প্রজন্ম বা ‘জেন-জি’ (Gen-Z)।
ফরাসি সংবাদ সংস্থা এএফপি এবং স্থানীয় গণমাধ্যম ফার্স নিউজের তথ্যমতে, তেহরানের অন্তত তিনটি প্রধান বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে রয়েছে শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শিক্ষার্থীরা সাবেক শাহ মুহম্মদ রেজা শাহ পাহালভির আমলের পতাকা নিয়ে মিছিল করছেন। মিছিলে বর্তমান সরকারের পতন এবং রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে তীব্র স্লোগান দেওয়া হচ্ছে।
শনিবার নিহতদের স্মরণে শুরু হওয়া এই আন্দোলন দমাতে মাঠে নেমেছে সরকার সমর্থক তরুণরাও। সরকারবিরোধী বিক্ষোভের পাল্টা হিসেবে তারা মিছিল ও সমাবেশের ডাক দেওয়ায় শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। উল্লেখ্য, এর আগে ডিসেম্বর-জানুয়ারি মাসের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর অভিযানে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছিল।
ইরানের এই রাজনৈতিক অস্থিরতার মূলে রয়েছে ভঙ্গুর অর্থনীতি। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক নিষেধাজ্ঞায় দেশটির মুদ্রা ‘ইরানি রিয়াল’ বর্তমানে বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রায় পরিণত হয়েছে। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ডিসেম্বরের শেষে প্রথম ব্যবসায়ীরা রাস্তায় নামলেও তা দ্রুত সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে এই বিক্ষোভকে সমর্থন দিলেও পরবর্তীতে তিনি ইরানের পরমাণু ইস্যুতে বেশি মনোযোগী হন।
গত ৬ ফেব্রুয়ারি থেকে পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে আলোচনার টেবিলে সমঝোতার চেষ্টা চললেও মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি বাড়িয়েই চলেছে ওয়াশিংটন। ফলে একদিকে অভ্যন্তরীণ বিক্ষোভ আর অন্যদিকে বৈদেশিক চাপ—উভয় সংকটে পড়েছে তেহরান প্রশাসন।
ডিসেম্বরের বিক্ষোভ দমনে ইরানের কঠোরতা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা রয়েছে। সরকারি হিসাবে নিহতের সংখ্যা ৩ হাজার বলা হলেও মানবাধিকার সংস্থা ‘এইচআরএএনএ’ বলছে এই সংখ্যা ৭ হাজারেরও বেশি। তবে বিভিন্ন স্থানীয় সূত্রের দাবি অনুযায়ী, বিগত কয়েক মাসের আন্দোলনে প্রায় ১৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
সূত্র : এএফপি



























