ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির হোটেলগুলোতে বাংলাদেশি নাগরিকদের অবস্থানের ওপর জারি করা দীর্ঘদিনের নিষেধাজ্ঞা অবশেষে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৬) ‘গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ (জিএসএইচডব্লিউএ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেয়। এর ফলে বাংলাদেশি পর্যটক ও ব্যবসায়ীদের জন্য শিলিগুড়িতে থাকার পথ আবার সুগম হলো।
আঞ্চলিক উত্তেজনার জেরে ২০২৪ সালের ৯ ডিসেম্বর শিলিগুড়ির হোটেল মালিকরা প্রথম বাংলাদেশিদের ওপর বিধিনিষেধ আরোপ করেন। পরবর্তীতে ভিসা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে ২০২৫ সালের ডিসেম্বরে এই বিধিনিষেধ পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞায় রূপ নেয়। দীর্ঘ সময় পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন থেকে অ্যাসোসিয়েশনভুক্ত সব হোটেলে বাংলাদেশিরা রুম বুকিং করতে পারবেন।
অ্যাসোসিয়েশন জানিয়েছে, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং নতুন সরকার গঠনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনের অবসান ঘটে এবং তারেক রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার বিষয়টি এই সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা পালন করেছে।
বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পর জিএসএইচডব্লিউএ তাদের সদস্য হোটেল মালিকদের মধ্যে একটি আনুষ্ঠানিক ভোটাভুটির আয়োজন করে। সেখানে অধিকাংশ সদস্যই পুনরায় বাংলাদেশিদের জন্য হোটেলের দুয়ার খুলে দেওয়ার পক্ষে মত দেন। এছাড়া দুই দেশের সরকার সীমান্ত পারাপারের বিধিনিষেধ শিথিল করায় সীমান্তসংক্রান্ত পারস্পরিক সদিচ্ছার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
নিষেধাজ্ঞা তুলে নিলেও ভারতের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে আপস করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সংগঠনটি। বিবৃতিতে তারা হুঁশিয়ারি দিয়েছে যে, ভবিষ্যতে দেশের প্রতি কোনো ধরনের অসম্মানজনক আচরণ বা উসকানিমূলক ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তারা পুনরায় কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।






















