বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন ঘিরে শেষ মুহূর্তে জমে উঠেছে ভোটের লড়াই। তারেক রহমান ছেড়ে দেওয়া এ আসনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের প্রার্থীরা জোরালো প্রচার-প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন। উঠান বৈঠক, পথসভা, গণসংযোগ থেকে শুরু করে দিন-রাত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন তারা।
আগামী ৯ এপ্রিলের ভোটকে সামনে রেখে পুরো এলাকায় এখন উৎসবমুখর নির্বাচনি পরিবেশ বিরাজ করছে। কৃষকের পণ্যের ন্যায্যমূল্য, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, নারীদের উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান, রেল যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া খাতসহ বগুড়ার উন্নয়নে ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদর আসনে এবার সবচেয়ে বেশি আলোচনায় আছেন বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা। এদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেলও ভোটারদের মাঝে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তিনি দিন-রাত গণসংযোগসহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। চায়ের টেবিল থেকে শুরু করে হাট-বাজার ও গ্রামগঞ্জের আড্ডায় এখন বিএনপি ও জামায়াতকে ঘিরেই আলোচনা চলছে। বিএনপি-জামায়াত ছাড়াও এই আসনে লড়ছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার।
ভোটাররা বলছেন, সাধারণ মানুষ পরিবর্তনের প্রত্যাশায় ধানের শীষ প্রতীকের দিকে ঝুঁকছেন। আবার অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও পিছিয়ে নেই। তারাও নিজেদের অবস্থান শক্ত করতে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আসনটির জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল বলেন, বগুড়া উপনির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে সরকারের প্রতি মানুষের আস্থা-অনাস্থার প্রতিফলন ঘটবে।
সদর আসনটির উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, দীর্ঘ ১৭ বছর বগুড়ার মানুষ উন্নয়ন ও বঞ্চনার শিকার হয়েছেন। বিএনপি সরকার গঠনের পর মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণের মধ্য দিয়ে তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। বগুড়ার প্রতি তারেক রহমানের বরাবরই সু-নজর রয়েছে। আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত উপনির্বাচনে বগুড়ার মানুষ আবারও ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করবেন।
বগুড়া-৬ আসনটি দীর্ঘদিন ধরেই বিএনপির শক্তঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এখানে বিএনপির প্রার্থীরা বড় ব্যবধানে জয় পেয়েছেন। সর্বশেষ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোটে বিজয়ী হন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ দুটি আসনে বিজয়ী হওয়ার পর, তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।


























