রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবন থেকে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে হেফাজতে নেয়।
ডিবি সূত্রে জানা গেছে, ধানমন্ডির ৮/এ রোডে অবস্থিত নিজ বাসা থেকে ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপরই তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাননি।
ডিবি এখনও নির্দিষ্ট কোনো মামলার কথা উল্লেখ না করলেও জানা গেছে, সাবেক এই স্পিকারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহতের ঘটনায় করা একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়। একই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জন আসামি রয়েছেন, যাদের মধ্যে টিপু মুনশি বর্তমানে কারাগারে আছেন।
ড. শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি প্রথমবার জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর টানা চার মেয়াদে তিনি এই গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন তিনি।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যায়। সংসদ ভেঙে দেওয়ার পর ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর থেকেই তিনি লোকচক্ষুর অন্তরালে ছিলেন।



























