আসন্ন বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ করে নিতে দেশজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। পহেলা বৈশাখের এই আনন্দঘন পরিবেশে কোনো ধরনের নাশকতার হুমকি নেই বলে আশ্বস্ত করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ।
সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনা বটমূলে নিরাপত্তা পরিস্থিতি সশরীরে পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
র্যাব প্রধান জানান, বর্ষবরণের প্রধান কেন্দ্রবিন্দু রমনা বটমূলসহ শাহবাগ, টিএসসি, হাতিরঝিল ও মানিক মিয়া অ্যাভিনিউয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে র্যাবের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করছে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড। এছাড়া উৎসব এলাকাগুলোতে বসানো হয়েছে বিশেষ পরীক্ষণ চেকপোস্ট ও অবজারভেশন পোস্ট।
কেবল রাজধানী নয়, সারাদেশে নববর্ষের নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রীয়ভাবে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। চেকপোস্টগুলোতে তল্লাশি কার্যক্রমের পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা চালু রাখা হয়েছে।
উৎসবে আসা নারীদের নিরাপত্তা ও হয়রানি রোধে র্যাব বিশেষ সতর্ক অবস্থানে থাকবে। ইভটিজিং বা যৌন হয়রানির মতো ঘটনা মোকাবিলায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। র্যাব মহাপরিচালক সতর্ক করে বলেন, উৎসবের আড়ালে কোনো ধরনের অপরাধ সংঘটিত হলে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
র্যাব প্রধান আশাবাদ ব্যক্ত করে বলেন, গত কয়েক বছরের তুলনায় এ বছর দেশের মানুষ অত্যন্ত আনন্দ ও স্বতঃস্ফূর্ততার সাথে নববর্ষ উদযাপন করতে পারবেন।
























