নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ডিজেল ও ফার্নেস অয়েল বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন ও র্যাব-১১-এর যৌথ অভিযানে মেসার্স সেলিনা ট্রেডার্স নামের ওই প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল নয়াপাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এবং র্যাব-১১-এর একটি চৌকস দল।
তদন্তে দেখা গেছে, মেসার্স সেলিনা ট্রেডার্স দীর্ঘ দিন ধরে প্রশাসনের কোনো অনুমতি বা বৈধ কাগজপত্র ছাড়াই ডিজেল এবং ফার্নেস অয়েল কেনাবেচা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা এই অনিয়ম শনাক্ত করেন এবং তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালান।
অভিযান চলাকালে সরকারি আইন লঙ্ঘন করে জ্বালানি তেল মজুত ও বিক্রির প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটিকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপস্থিত থেকে এই আদেশ কার্যকর করেন।
র্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুত এবং লাইসেন্সবিহীন ব্যবসার বিরুদ্ধে তাদের এই বিশেষ নজরদারি ও অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


























