ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২১তম দিনে আজ বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে। এতদিন পেয়ে আসা সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ির সুবিধা বাতিল করে আজ সংসদে ঐতহাসিক বিল পাস হয়েছে। সড়কমন্ত্রী সংসদে ঘোষণা করেছেন যমুনা নদীতে দ্বিতীয় সেতু নির্মাণ করা হবে এবং ২০৪০ সালের মধ্যে সারা দেশের মহাসড়কগুলো ৬ ও ৮ লেনে সম্প্রসারণ করা হবে।
রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন শুরু হয় বিকেল সাড়ে ৩টার দিকে। অধিবেশন প্রথমে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। মাগরিবের নামাজের পর ডেপুটি স্পিকার কায়সার কামাল সভাপতিত্ব করেন।
জাতীয় সংসদের ইতিহাসে এক অনন্য ও যুগান্তকারী ঘটনা হিসেবে সংসদ সদস্যদের দীর্ঘ কয়েক দশক ধরে ভোগ করা শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা বিলুপ্ত করা হয়েছে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ‘দি মেম্বারস অফ পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অলাউন্সেস অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
মন্ত্রী বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে শুল্কমুক্ত সুবিধার মাধ্যমে ব্যক্তিগত গাড়ি আনা সাধারণ নাগরিকদের সাথে একটি দৃশ্যমান বৈষম্য তৈরি করে। বর্তমান বিশ্বব্যাপী অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং দেশের অভ্যন্তরে রাষ্ট্রীয় ব্যয় সংকোচনের প্রয়োজনীয়তা থেকেই এই সাহসী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিলটি পাসের ফলে ১৯৭৩ সালের সংশ্লিষ্ট আদেশের ৩-সি অনুচ্ছেদটি বাতিল হয়ে গেল। এর মাধ্যমে সংসদ সদস্যরা এখন থেকে সাধারণ নাগরিকদের মতো একইভাবে শুল্ক প্রদান করে গাড়ি ক্রয় করবেন, যা স্বচ্ছতা ও সাম্যের এক নতুন নজির স্থাপন করবে বলে আইনমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের বিষয়ে এক যুগান্তকারী তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি সংসদে জানান, বর্তমানে যমুনা নদীর ওপর বিদ্যমান বঙ্গবন্ধু সেতুটি সংকীর্ণ চার লেনের হওয়ায় ক্রমবর্ধমান যানবাহনের চাপে প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এই ভোগান্তি নিরসনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যানে ২০৩৩ সালের মধ্যে একটি বিকল্প দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের জোরালো সুপারিশ করা হয়েছে।
মন্ত্রী সংসদে আরও জানান, এই মেগা প্রকল্পের জন্য বর্তমানে তিনটি সম্ভাব্য রুট বা অ্যালাইনমেন্ট নিয়ে বিশদ সম্ভাব্যতা সমীক্ষা চলছে। প্রথম রুট হিসেবে বগুড়ার সারিয়াকান্দি থেকে জামালপুরের মাদারগঞ্জ পর্যন্ত করিডোরটিকে বিবেচনা করা হচ্ছে। দ্বিতীয়টি গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ পর্যন্ত এবং তৃতীয় অপশন হিসেবে অন্য কোনো উপযুক্ত করিডোর বেছে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সরকারের এই উদ্যোগ সফল হলে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন মাইলফলক সৃষ্টি হবে।
দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার ২০৪০ সালকে লক্ষ্যমাত্রা ধরে বিশাল এক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, এডিবি বা এশীয় উন্নয়ন ব্যাংকের প্রণীত মাস্টারপ্ল্যান অনুযায়ী আগামী ১৪ বছরের মধ্যে দেশের প্রায় ৪৯৬.৫০ কিলোমিটার মহাসড়ককে ৬ লেনে এবং আরও ১০২ কিলোমিটার মহাসড়ককে ৮ লেনে উন্নীত করা হবে। বর্তমানে দেশে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে মোট ২২ হাজার ৭৩৬ কিলোমিটারের বিশাল সড়ক নেটওয়ার্ক রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৮৮৩ কিলোমিটার মহাসড়ক চার লেনে এবং ১৭ কিলোমিটারের বেশি মহাসড়ক আট লেনে রূপান্তর করা হয়েছে।
মন্ত্রী বলেন, ক্রমবর্ধমান অর্থনৈতিক কর্মকাণ্ড এবং যানবাহনের চাপ সামাল দিতে এই প্রশস্তকরণ কাজ অপরিহার্য। এছাড়া বর্তমানে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অধীনে বাস্তবায়নাধীন এমআরটি লাইন-৬, লাইন-১ এবং লাইন-৫ এর নর্দার্ন ও সাউদার্ন রুটগুলোকে ফাস্টট্র্যাক প্রকল্প হিসেবে অগ্রাধিকার দিয়ে দ্রুত শেষ করার প্রচেষ্টা চলছে।
পদ্মা বহুমুখী সেতু, কর্ণফুলী টানেল এবং ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বড় প্রকল্পগুলোর ব্যয় কয়েক দফা বৃদ্ধি পাওয়ার বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হয়েছে।
সেতুমন্ত্রী জানান, পদ্মা সেতুর ব্যয় ৪ বার এবং কর্ণফুলী টানেলের ব্যয় ২ বার বৃদ্ধি করা হয়েছে। তবে তিনি সংসদকে নিশ্চিত করেছেন যে, প্রকল্পগুলোতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন বা দুদক ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে। সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কোনো ছাড় দেবে না বলে তিনি ঘোষণা করেন। একই সঙ্গে তিনি জানান, সড়ক ও জনপথ অধিদপ্তরের চলমান কোনো প্রকল্প বর্তমানে ফাস্টট্র্যাক তালিকার অন্তর্ভুক্ত নেই, বরং মেট্রোরেলের মতো দ্রুতগামী পরিবহন ব্যবস্থাগুলোকেই এই বিশেষ তালিকায় রাখা হয়েছে যাতে নগরবাসীর যাতায়াত সমস্যার দ্রুত সমাধান করা যায়।
রেলপথকে সাধারণ মানুষের জন্য নিরাপদ এবং আরামদায়ক করতে রেলওয়ে খাতে বৈপ্লবিক পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, যাত্রীসেবার মানোন্নয়নে ইতোমধ্যে দেশের আন্তঃনগর ট্রেনগুলোর প্রায় ৮০ শতাংশ পুরোনো ও জরাজীর্ণ কোচ বা রেক পরিবর্তন করে আধুনিক কোচ সংযোজন করা হয়েছে। জরাজীর্ণ রেললাইনের কারণে দুর্ঘটনা রোধে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসনের জন্য পৃথক দুটি বিশাল প্রকল্প গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী জানান, ভারত থেকে ২০০টি অত্যাধুনিক ব্রডগেজ ক্যারেজের প্রথম চালান ২০২৬ সালের মে মাসের শেষ সপ্তাহে দেশে পৌঁছাবে। এছাড়া বর্তমানে দেশের ৬৪টি জেলার মধ্যে ৪৯টি জেলায় রেল নেটওয়ার্ক পৌঁছে গেছে এবং বাকি জেলাগুলোকে এই নেটওয়ার্কের আওতায় আনতে সমীক্ষা ও নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। রেল ভ্রমণকে আরও প্রযুক্তিনির্ভর করতে লোকোমোটিভ এবং আধুনিক লেদ মেশিন সংগ্রহের কাজও শেষ পর্যায়ে রয়েছে।
রেলপথ মন্ত্রী রেলওয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি যাত্রীসেবার মানবিক দিকগুলো তুলে ধরেন। তিনি জানান, দেশের গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনগুলোতে ইতোমধ্যে সৌন্দর্যবর্ধন ও রিমডেলিং কার্যক্রম শুরু হয়েছে। বিশেষ করে নারী যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে বড় স্টেশনগুলোতে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হয়েছে এবং নারীদের জন্য আলাদা কাউন্টার ও স্বতন্ত্র টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে প্রতিটি স্টেশনে হুইল চেয়ার ও প্রয়োজনীয় র্যাম্পের সুবিধা নিশ্চিত করা হচ্ছে। ট্রেনের ভেতরে খাবারের মানোন্নয়ন এবং বিনা টিকিটের যাত্রী নিয়ন্ত্রণ করতে স্টেশনগুলোতে বিশেষ ফেন্সিং বা বেষ্টনী নির্মাণ করা হচ্ছে। যাত্রীদের ট্রেনে ওঠানামার সুবিধার্থে দেশের বিভিন্ন স্টেশনে প্ল্যাটফর্মের উচ্চতা বৃদ্ধি করার কাজও দ্রুতগতিতে এগিয়ে চলেছে বলে মন্ত্রী সংসদকে অবহিত করেন।
সংসদ অধিবেশনে জুলাই অভ্যুত্থানের শহীদদের সংখ্যা নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্ক ও আলোচনা হয়েছে। নৌ পরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব হাসান অভিযোগ করে বলেন, বিরোধী দল শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং একে ‘শহীদ ব্যবসা’ হিসেবে ব্যবহার করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি সরকারি গেজেটের রেফারেন্স দিয়ে বলেন, শহীদদের তালিকা যেখানে ৮৪৪ জনে চূড়ান্ত হয়েছে, সেখানে বিরোধী দলীয় নেতা কীভাবে ১২০০ পরিবারের কাছে যাওয়ার দাবি করেন।
প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের পর কড়া জবাব দিয়ে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, তারা কোনো অনুমাননির্ভর তথ্য দিচ্ছেন না বরং জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর তথ্য এবং তাদের নিজস্ব অনুসন্ধান অনুযায়ী এই সংখ্যা ১৪৫১ বা তার বেশি। তিনি নিখোঁজ ব্যক্তিদের হিসাবও সামনে আনার দাবি জানান। সংসদে দাঁড়িয়ে আমাদের দায়িত্বশীল কথা বলা উচিত এবং শহীদদের রক্ত নিয়ে কেউ যেন রাজনীতি না করে সেই আহ্বান জানান তিনি।
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সংসদে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বাকস্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সংসদ রক্ত ও ত্যাগের বিনিময়ে গঠিত হলেও আবার সেই পুরোনো ‘মামলা ও দমনের রাজনীতি’ ফিরে আসছে। তিনি প্রতিমন্ত্রী বা হুইপের সমালোচনা করার কারণে ফেসবুক ব্যবহারকারীদের বাসা থেকে তুলে নেওয়ার ঘটনার নিন্দা জানান।
হাসনাত আবদুল্লাহ দাবি করেন, তারা কেবল সহমত প্রকাশের স্বাধীনতা নয়, বরং দ্বিমত প্রকাশের স্বাধীনতাও চান। তিনি ক্যাম্পাসগুলোতে গেস্টরুম ও গণরুম কালচারের পুনরাবৃত্তি এবং শিক্ষার্থীদের বাধ্যতামূলক রাজনীতিতে জড়ানোর সংস্কৃতির পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলো যেন কেবল নেতা তৈরির কারখানা না হয়ে গবেষণার কেন্দ্রে পরিণত হয়। পাশাপাশি মানবাধিকার কমিশন ও পুলিশ সংস্কার কমিশনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রভাবে দেশে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবে ১০ সদস্যের একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। চিফ হুইপ নুরুল ইসলাম জানান, এই কমিটি ৩০ দিনের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দেবে এবং এতে সরকারি ও বিরোধী উভয় দলের সমান প্রতিনিধিত্ব রাখা হয়েছে।
এদিকে পুলিশ বাহিনীর জ্বালানি তেলের রেশনিং বা সীমাবদ্ধতা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। কুমিল্লার একজন কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যদের উদ্বেগের জবাবে প্রধানমন্ত্রী জানান, পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবার ওপর কোনো জ্বালানি নিষেধাজ্ঞা এখন আর কার্যকর নেই। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে সরকার আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা জোরদার করেছে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।
সংসদে নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে নিজের এবং পরিবারের প্রাণের নিরাপত্তা দাবি করেছেন। তিনি অভিযোগ করে জানান, বিএনপির নামধারী একদল সন্ত্রাসী মসজিদে নামাজ পড়ার সময় তার ওপর অতর্কিত হামলা চালানোর চেষ্টা করেছে এবং ভাড়াটে খুনি দিয়ে তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনার নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের প্রতিশ্রুতি দেন।
অন্যদিকে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর জানান, পরিবেশবান্ধব তন্তু হিসেবে বিশ্ববাজারে পাটের চাহিদা পুনরায় বৃদ্ধি পেয়েছে। প্লাস্টিকের বিকল্প হিসেবে আন্তর্জাতিক বাজারে পাটের উজ্জ্বল সম্ভাবনা কাজে লাগাতে সরকার নানামুখী নীতি সহায়তা দিচ্ছে। ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ কার্যকর করার মাধ্যমে অভ্যন্তরীণ চাহিদাও বাড়ানো হয়েছে। পাট খাতের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে জাতীয় পাটনীতি-২০১৮ হালনাগাদ করার কাজ চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জাতীয় সংসদে বিরোধী দলের উদ্দেশ্যে বলেছেন, ‘খাল কেটে কুমির’ আনার মতো কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে দেশে পুনরায় ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটে।
বিগত সরকারের পতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ক্ষমতার অপব্যবহারের কারণে যারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল, বর্তমান রাজনৈতিক দলগুলোর সেই একই পরিণতি যেন না হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে। জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর বলে উল্লেখ করেন এবং এ বিষয়ে কোনো বিতর্ক সৃষ্টি না করার পাশাপাশি দেশের ভবিষ্যতের স্বার্থে বিরোধিতার জন্য বিরোধিতা না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জাতীয় সংসদে জানিয়েছেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে এমন পর্যায়ে উন্নীত করতে কাজ করছে যাতে বাংলাদেশ অন্য দেশকে অনুসরণ না করে বরং বিশ্বের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে ওঠে।
শিক্ষার্থীদের ক্যারিয়ার ও দক্ষতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রতিটি স্তরে এমন শিক্ষা প্রদান করা হবে যাতে পড়ালেখা শেষ করে চাকরির জন্য শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে না হয়। এছাড়া, চার থেকে দশ বছর বয়সি শিশুদের আনন্দদায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ‘লার্নিং উইথ প্লে’ বা খেলাধুলার মাধ্যমে পাঠদান পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে দুই কোটি শিক্ষার্থীর স্কুলে উপস্থিতি নিশ্চিত করতে পুষ্টিকর খাবার, ফ্রি ইউনিফর্ম, জুতো ও ব্যাগসহ প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন প্রতিমন্ত্রী।



























