চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে পিএসজি ও বায়ার্ন মিউনিখ। সাম্প্রতিক সময়ে দুই দলই উড়ন্ত ফর্মে থাকলেও মাঠের লড়াই শুরুর আগে নিজের দলকেই বিশ্বসেরা দাবি করেছেন পিএসজি কোচ লুইস এনরিকে। তার মতে, বর্তমানে পিএসজির চেয়ে ভালো কোনো দল আর নেই।
আজ মঙ্গলবার সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে স্বাগত জানাবে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজি। শেষ ৯ ম্যাচের মধ্যে ৮টিতেই জয় পাওয়া ফরাসি ক্লাবটি দারুণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে। লিগ ওয়ানে ৬ পয়েন্টের ব্যবধানে শীর্ষে থাকার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে চেলসি, লিভারপুল ও মোনাকোর মতো বড় দলগুলোকে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে তারা।
অন্যদিকে, পিএসজির প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখও রয়েছে অপ্রতিরোধ্য ফর্মে। তারা সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৭ ম্যাচের ১৬টিতেই জিতেছে। এমনকি এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ১২টি ম্যাচের ১১টিতেই জয় পেয়েছে জার্মান জায়ান্টরা। তাদের সবশেষ পরাজয় ছিল গত নভেম্বরে আর্সেনালের বিপক্ষে এবং জানুয়ারিতে বুন্দেসলিগার একটি ম্যাচে।
বায়ার্নের ধারাবাহিকতার প্রশংসা করলেও নিজের দলকেই এগিয়ে রাখছেন এনরিকে। তিনি বলেন, “পরিসংখ্যানের দিক থেকে বায়ার্ন হয়তো কিছুটা এগিয়ে, কারণ তারা পুরো মৌসুমে মাত্র দুটি ম্যাচ হেরেছে। তবে মাঠে আমরা যা পারফরম্যান্স দেখিয়েছি, তাতে আমাদের চেয়ে ভালো কোনো দল এই মুহূর্তে নেই।”
জিততে হলে রক্ষণ সামলানোর চেয়ে আক্রমণে বেশি গুরুত্ব দিচ্ছেন স্প্যানিশ এই মাস্টারমাইন্ড। এনরিকে সাফ জানিয়ে দিয়েছেন, “জিততে চাইলে আমাদের আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে। কাজটা কঠিন হবে জানি, কিন্তু আমরা কোনো ছাড় দিতে আসিনি—আমাদের একমাত্র লক্ষ্য জয়।”



























