নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। আজ ১৭ মে ২০২৬, রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ‘১০ তলা’ নামক এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম সোহেল রানা (৩৭)। তিনি কুমিল্লার সদর দক্ষিণ থানার জঙ্গলপুর এলাকার শাহাজাহানের ছেলে।
র্যাব-১১ এর সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘এশিয়া পরিবহন’ এর একটি বাস সিদ্ধিরগঞ্জের ১০ তলা এলাকায় পৌঁছালে র্যাব সেটিতে তল্লাশি চালায়। এ সময় বাসের ভেতরে যাত্রী সেজে বসে থাকা সোহেল রানাকে ১০ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সোহেল রানা নিজেকে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে অবৈধভাবে অর্থ উপার্জনের জন্য এই ব্যবসা চালিয়ে আসছিলেন। কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের বড় বড় চালান সংগ্রহ করে অভিনব কৌশলে তিনি নারায়ণগঞ্জ, ঢাকাসহ আশেপাশের জেলাগুলোতে সরবরাহ ও বিক্রি করতেন।
মাদক নির্মূল এবং যুবসমাজকে এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে র্যাব-১১ নিয়মিত এ ধরনের অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হলো। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
























