যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে নামকরণ করা বাংলাদেশের একটি মহিষ এখন বিশ্বজুড়ে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। দেশের গণ্ডি পেরিয়ে এই মহিষটির খবরের দ্যুতি এখন ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। বিশেষ করে ভারত ও পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ব্যাপক ভাইরাল হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড এবং জর্ডানের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতেও একে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
মহিষটির এই বিশ্বজোড়া পরিচিতির পেছনে রয়েছে এর ব্যতিক্রমী শারীরিক গঠন ও নাম। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’-এ লালন-পালন করা এই মহিষটির ওজন প্রায় ৭০০ কেজি। এটি মূলত একটি এলবিনো জাতের মহিষ।
খামার কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, মহিষটির মাথার সামনের অংশের লম্বা লালচে-সোনালি চুল দেখতে অনেকটাই ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইলের মতো। এই অদ্ভুত মিলের কারণেই খামার কর্তৃপক্ষ শখ করে এর নাম রেখেছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’। আর এই নামের কারণেই এটি এখন সবার নজর কেড়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর মধ্যে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট তাদের প্রতিবেদনে লিখেছে, “বাংলাদেশে ট্রাম্প ও নেতানিয়াহু মহিষ দেখতে মানুষের ভিড়।” অন্যদিকে থাইল্যান্ডের স্বনামধন্য গণমাধ্যম ব্যাংকক পোস্ট শিরোনাম করেছে, “বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ ভাইরাল।”
জর্ডানের সংবাদমাধ্যম রয়া নিউজ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, “বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ নজর কেড়েছে সবার।” ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া বিষয়টিকে ঈদের আমেজের সাথে যুক্ত করে লিখেছে, “ঈদের আগে নেট দুনিয়ায় আলোড়ন তুলেছে বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ।” এছাড়া যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এমএসএন-ও তাদের শিরোনামে ট্রাম্প ও নেতানিয়াহুর মতো দেখতে এই মহিষটির সবার নজর কাড়ার বিষয়টি ফুটিয়ে তুলেছে।
নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মে এই মহিষটির সন্ধান মেলার পর থেকেই প্রতিদিন অসংখ্য উৎসুক মানুষ এটি একনজর দেখতে খামারে ভিড় জমাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ।



























