দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। বুধবার (২০ মে) রাত ৯টায় জাতীয় গ্রিডে সর্বোচ্চ ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন করা হয়েছে।
এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট। সেই রেকর্ডটি হয়েছিল ২০২৫ সালের ২৩ জুলাই। নতুন রেকর্ডের মাধ্যমে আগের সর্বোচ্চ উৎপাদনকে ছাড়িয়ে গেছে ৪০৬ মেগাওয়াট।
বুধবার (২১ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, দেশে বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড হয়েছে। আজ রাত ৯টায় দেশের ইতিহাসের সর্বোচ্চ ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
অবশ্য পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে জানা যায়, ওই সময় লোডশেডিং হয়েছে ৪৯৯ মেগাওয়াট।
বিদ্যুৎ খাতসংশ্লিষ্টরা বলছেন, চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সারাদেশে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের সময়ে আবাসিক এলাকায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রসহ বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার বাড়ায় চাহিদা আরো বৃদ্ধি পাচ্ছে। বাড়তি চাহিদা সামাল দিয়ে নতুন রেকর্ড পরিমাণ উৎপাদন দেশের বিদ্যুৎ ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির ইতিবাচক ইঙ্গিত বহন করে। একই সঙ্গে উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সমন্বিত কার্যক্রমও এ সাফল্যের পেছনে ভূমিকা রেখেছে।
বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে গ্রিডভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ৩০ হাজার মেগাওয়াট। তবে জ্বালানি সরবরাহ, কেন্দ্রের সক্ষমতা ও সঞ্চালন ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে সব সময় পুরো সক্ষমতা ব্যবহার করা সম্ভব হয় না।



























