ডাল ও তেলবীজের আমদানিনির্ভরতা কমাতে ২০২৯ সালের জুনের মধ্যে ১৮ হাজার টন মানসম্মত বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। এ লক্ষ্য বাস্তবায়নে ২৬৫ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে চার বছর মেয়াদি একটি প্রকল্প পরিচালনা করছে সংস্থাটি।
‘ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ (দ্বিতীয় পর্যায়)’ শীর্ষক প্রকল্পটি ২০২৫ সালের জুলাইয়ে শুরু হয়েছে। ২০২৯ সালের জুনে এর মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় ২৫ লাখ টন ডালের চাহিদা রয়েছে। অথচ স্থানীয়ভাবে উৎপাদিত হয় মাত্র ৯ লাখ ৩৭ হাজার টন। ফলে চাহিদার বড় অংশ আমদানির মাধ্যমে পূরণ করতে হচ্ছে। অন্যদিকে, দেশে বছরে ভোজ্যতেলের চাহিদা প্রায় ২৪ লাখ ৮২ হাজার টন। এর বিপরীতে স্থানীয় উৎপাদন ১০ লাখ ৬৪ হাজার টন।
প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, কৃষকেরা সাধারণত নিজেদের উৎপাদিত ফসল থেকে বীজ সংরক্ষণ করে পরবর্তী মৌসুমে ব্যবহার করেন। কিন্তু এসব বীজের মাধ্যমে অনেক সময় কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না। বিএডিসির উন্নত ও মানসম্মত বীজ ব্যবহার করলে প্রচলিত বীজের তুলনায় ১৫ থেকে ২০ শতাংশ বেশি ফলন পাওয়া সম্ভব।
তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে প্রকল্পের আওতায় চুক্তিবদ্ধ কৃষকদের মাধ্যমে ৩ হাজার ৭২৩ দশমিক ১১২ টন মানসম্মত ডাল ও তেলবীজ উৎপাদন করা হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরে এসব বীজ দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এ বীজ দিয়ে প্রায় ৬ লাখ ৬ হাজার ৩৬০ একর জমিতে চাষাবাদ করা সম্ভব হবে। এর ফলে অতিরিক্ত ৫১ হাজার ৪৫৫ টন ফসল উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
প্রকল্প পরিচালক আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলতি অর্থবছরে ডাল ও তেলবীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩ হাজার ৭০০ টন থেকে বাড়িয়ে ৪ হাজার ৮০০ টন নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পের আওতায় পাঁচ ধরনের তেলবীজ-সরিষা, সয়াবিন, চীনাবাদাম, তিল ও সূর্যমুখী এবং সাত ধরনের ডাল-মসুর, মুগ, খেসারি, ছোলা, মাষকলাই, মটর ও ফেলন উৎপাদন করা হচ্ছে।
দেশের আট বিভাগের ৪২টি জেলা, দুটি সিটি করপোরেশন এবং ২০০টি উপজেলায় প্রকল্পের কার্যক্রম চলছে। তিনটি ডাল ও তেলবীজ খামার, তিনটি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং ১২টি চুক্তিবদ্ধ কৃষক অঞ্চলের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
বিএডিসির হিসাব অনুযায়ী, চার বছর মেয়াদে প্রকল্পের আওতায় উৎপাদিত ১৮ হাজার টন মানসম্মত বীজ দিয়ে প্রায় ৩০ লাখ ২৯ হাজার একর জমিতে চাষাবাদ করা যাবে। এতে প্রায় ১২ লাখ ৮২ হাজার ৮৯৭ টন ফসল উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
সংস্থাটির হিসাব বলছে, প্রচলিত বীজের পরিবর্তে উন্নত বীজ ব্যবহারের ফলে অতিরিক্ত প্রায় ২ লাখ ৫৬ হাজার ৪৯৯ টন ফসল উৎপাদন করা সম্ভব হতে পারে। বাড়তি এ ফসলের সম্ভাব্য বাজারমূল্য প্রায় ২ হাজার ৯৬৪ কোটি ৪৭ লাখ টাকা।
কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম বলেন, একসময় দেশের ভোজ্যতেলের চাহিদার বড় অংশ স্থানীয়ভাবে উৎপাদিত তেলবীজ থেকে পূরণ হতো। এর মধ্যে সরিষার অবদান ছিল সবচেয়ে বেশি। তবে সাম্প্রতিক বছরগুলোতে সরিষাসহ অন্যান্য তেলবীজ চাষে কৃষকদের আগ্রহ কমেছে।
তার মতে, পর্যাপ্ত প্রণোদনা, মানসম্মত বীজ ও সার সরবরাহ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে দেশে তেলবীজের উৎপাদন আবারও বাড়ানো সম্ভব।
জাহাঙ্গীর আলম বলেন, সরিষা বাংলাদেশের ঐতিহ্যবাহী ফসল এবং কৃষকেরা এ ফসলের চাষাবাদে অভ্যস্ত। এক বিঘা জমিতে চাষের জন্য বীজ ও সার সহায়তা দেওয়ার সরকারি উদ্যোগ কৃষকদের তেলবীজ উৎপাদনে উৎসাহিত করবে। এতে দেশীয় উৎপাদন বাড়ার পাশাপাশি আমদানিনির্ভরতাও কমবে।
বিএডিসির ১৮ হাজার টন মানসম্মত বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রসঙ্গে তিনি বলেন, যথাযথ অগ্রাধিকার ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হলে আগামী তিন বছরের মধ্যে এ লক্ষ্য অর্জন সম্ভব।
এদিকে প্রকল্পের আওতায় বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ বিষয়ে ২ হাজার চুক্তিবদ্ধ কৃষককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কৃষকদের কারিগরি পরামর্শ, মাঠপর্যায়ে তদারকি ও প্রশিক্ষণ দিচ্ছে বিএডিসি।
ফসল সংগ্রহের পর উৎপাদিত বীজ প্রক্রিয়াজাত ও সংরক্ষণ করা হয়। পরে সংস্থাটির বিপণন বিভাগের মাধ্যমে এসব বীজ কৃষকদের মধ্যে বিতরণ করা হয়।
সরিষাসহ অন্যান্য তেলবীজের উৎপাদন বাড়ানোর পাশাপাশি সূর্যমুখী চাষ সম্প্রসারণেও কাজ করছে বিএডিসি। তবে এ ফসলের আবাদ বাড়াতে কয়েকটি প্রতিবন্ধকতা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।
তিনি বলেন, দেশের দক্ষিণাঞ্চলের বিশেষ করে ভোলা ও বরিশালে সূর্যমুখী চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কিন্তু সহজলভ্য তেল নিষ্কাশন যন্ত্রের অভাবে কৃষকেরা উৎপাদিত বীজ থেকে মানসম্মত তেল সংগ্রহ করতে সমস্যায় পড়ছেন।
এ ছাড়া পাখির আক্রমণও সূর্যমুখী চাষের অন্যতম বড় সমস্যা। বীজ পরিপক্ব হওয়ার সময় পাখির আক্রমণে ফসলের ব্যাপক ক্ষতি হয়। এ কারণে কৃষকদের অতিরিক্ত শ্রম ও অর্থ ব্যয় করে খেত পাহারা দিতে হয়।
বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম বলেন, কৃষির উন্নয়ন ও খাদ্যনিরাপত্তা জোরদারের পাশাপাশি সার, সেচ ও বীজ ব্যবস্থাপনার উন্নয়নে ১৯৬১ সাল থেকে কাজ করছে সংস্থাটি।
তিনি মনে করেন, দেশের পুষ্টিনিরাপত্তা জোরদারে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্প বাস্তবায়নে বিএডিসির কর্মকর্তা-কর্মচারীরা মাঠপর্যায়ে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, এ উদ্যোগের মাধ্যমে মানসম্মত বীজের উৎপাদন ও সরবরাহ বাড়বে। পাশাপাশি দেশের কৃষি উৎপাদনেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।



























