যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিসের হত্যায় তার সরাসরি ভূমিকা ছিল। এই স্বীকারোক্তির পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ (আইআরআই)। গোষ্ঠীটি ট্রাম্পের মাথার দাম হিসেবে ঘোষণা করেছে এক কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা।
শুক্রবার (১৭ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
যেভাবে এলো এক কোটি ডলারের ঘোষণা
গত বৃহস্পতিবার এক বিবৃতিতে আইআরআই জানায়, যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী ট্রাম্পকে হত্যা করতে পারলে তাকে এই পুরস্কার দেওয়া হবে। তারা ট্রাম্পকে অপরাধী আখ্যা দিয়েছে। পাশাপাশি জানিয়েছে, সংগঠনের সদস্য ও সমর্থকদের অনুদান থেকেই এই অর্থ সংগ্রহ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যাকারীকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাবে। তাদের ভাষ্যমতে, স্বৈরাচারীরা কখনো শান্তি পাবে না এবং এই অপরাধী মানুষের ক্ষোভ থেকে কোনো নিরাপদ আশ্রয় খুঁজে পাবে না।
প্রতিশোধকে ‘বাধ্যতামূলক অঙ্গীকার’ বলছে গোষ্ঠীটি
ইরাকি এই গোষ্ঠী যোদ্ধাদের জন্য প্রতিশোধ নেওয়াকে বাধ্যতামূলক অঙ্গীকার হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি, শহীদদের রক্ত অভিশাপ হয়ে অহংকারীদের সিংহাসন কাঁপিয়ে দেবে। এছাড়া তারা জানিয়েছে, আগ্রাসনকারীরা পরাজিত না হওয়া এবং স্বৈরাচারের দুর্গ ধসে না পড়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে।
ওয়াশিংটন বৈঠকেই মিলল স্বীকারোক্তি
সম্প্রতি ওয়াশিংটনে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। সেখানেই তিনি খোলাখুলি স্বীকার করেন, ২০২০ সালে সোলাইমানি ও আল-মুহান্দিসের হত্যায় তার ভূমিকা ছিল। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই প্রকাশ্য স্বীকারোক্তির পরই ইরানপন্থী আইআরআই ট্রাম্পের বিরুদ্ধে বড় অঙ্কের এই পুরস্কার ঘোষণা করে।




















