বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড হ্যারি কেইন বুন্ডেসলিগার ইতিহাসে দ্রুততম সময়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। শুক্রবার নিজের ৯৮তম ম্যাচেই এই কীর্তি গড়েন তিনি।
উনিয়ন বার্লিনের বিপক্ষে বায়ার্নের জয়ের ম্যাচে ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এই রেকর্ড নিশ্চিত করেন কেইন।
১০০ গোল করতে এর আগে সবচেয়ে কম ম্যাচ খেলার রেকর্ড ছিল ডিটার ম্যুলারের। ১৯৭৭ সালের ২৪ সেপ্টেম্বর তিনি এই রেকর্ড গড়েছিলেন। কোলনের হয়ে খেলার সময় ১২৯ ম্যাচে এই কীর্তি গড়েছিলেন তিনি। প্রায় ৪৯ বছর পর সেই রেকর্ড এবার ভেঙে দিলেন ইংল্যান্ডের অধিনায়ক কেইন।
কেইন বলেন, ‘সত্যি বলতে, বুন্ডেসলিগায় ১০০ গোল করতে পেরে আমি বেশ গর্বিত।’
তিনি আরও বলেন, ‘প্রিমিয়ার লিগে তো আমি এটা করেছিই, এখন একদম ভিন্ন একটা লিগেও এই কীর্তি গড়তে পেরে সত্যিই গর্ব হচ্ছে। আমি শুধু বলব, পুরো দলকে অনেক ধন্যবাদ।’
দ্বিতীয়ার্ধে নিজের ১০১তম গোলও করেন কেইন। এই ম্যাচে ৭-০ গোলে বড় জয় পায় বায়ার্ন। এতে হ্যাটট্রিক করেন ফ্রান্সের ফরোয়ার্ড মাইকেল ওলিসে।
২০২৩ সালের গ্রীষ্মে টটেনহ্যাম হটস্পার থেকে বায়ার্নে যোগ দেওয়ার তিন বছরেরও কিছু বেশি সময়ের মধ্যে এই মাইলফলক ছুঁলেন কেইন। বুন্ডেসলিগায় অভিষেক মৌসুমে ৩৬ গোল করার পর ২০২৪-২৫ মৌসুমে ২৬টি এবং গত মৌসুমে ৩৫টি গোল করেন তিনি।
জার্মানিতে নিজের তিন মৌসুমেই বুন্ডেসলিগার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। এর মধ্য দিয়ে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ মৌসুমে টানা দুটি লিগ শিরোপা জিততে বায়ার্নকে সহায়তা করেছেন তিনি।
মিউনিখে যাওয়ার পর থেকে একের পর এক গোলের মাইলফলক ছোঁয়ার ধারাবাহিকতায় এবার যুক্ত হলো এই সেঞ্চুরিও।
২০২৫ সালের সেপ্টেম্বরে ভেয়ার্ডার ব্রেমেনের বিপক্ষে ৪-০ গোলের জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্নের হয়ে নিজের ১০৪তম ম্যাচেই ১০০ গোল পূর্ণ করেন কেইন। এর মধ্য দিয়ে একুশ শতকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে কোনো একটি ক্লাবের হয়ে দ্রুততম সময়ে ১০০ গোল করার রেকর্ড গড়েন তিনি। এতে পেছনে পড়ে যান রিয়াল মাদ্রিদের হয়ে ১০৫ ম্যাচে এই কীর্তি গড়া ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ম্যানচেস্টার সিটির হয়ে একই কীর্তি গড়া আর্লিং হালান্ড।
এরপর থেকে বায়ার্নের হয়ে নিজের গোলসংখ্যা ১৫৪ ম্যাচে ১৫১টিতে নিয়ে গেছেন কেইন।
চলতি বছরটি দারুণ কাটছে কেইনের জন্য। বায়ার্নকে বুন্ডেসলিগা শিরোপা ধরে রাখতে এবং চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে তুলতেও ভূমিকা রেখেছেন তিনি।
গত মৌসুমে লিগে ৩৫টি এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ৬১টি গোল করেন কেইন। সেই মৌসুমে শিরোপা জেতার পথে বুন্ডেসলিগায় রেকর্ড ১১২ গোল করে বায়ার্ন।
ইংল্যান্ডের হয়েও সর্বোচ্চ গোলদাতা কেইন। চলতি গ্রীষ্মের বিশ্বকাপে নিজের আন্তর্জাতিক গোলসংখ্যা ৭০-এ নিয়ে গেছেন তিনি।
আগামী ২৬ অক্টোবর ঘোষিত হতে যাওয়া ব্যালন ডি’অরের দৌড়েও অন্যতম ফেভারিট হিসেবে বিবেচিত হচ্ছেন কেইন।
























