আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে টিকিটের দাম প্রকাশ করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর মেসি জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামতে যাচ্ছেন। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি হবে তার বিদায়ী ম্যাচ।
আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে শেষ ম্যাচের জন্য দলে ডেকেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এই ম্যাচের মাধ্যমে আর্জেন্টিনার জার্সিতে মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
মেসির বিদায়ী ম্যাচের টিকিটের দাম ৫২ থেকে ২৭৮ ইউরোর মধ্যে নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭ হাজার ৪০০ টাকা থেকে ৪০ হাজার টাকা। আসন ও শ্রেণিভেদে টিকিটের দাম আলাদা হবে।
ফরাসি ওয়েবসাইট ফুট মের্কাতো জানিয়েছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কেনা যাবে।
বিভিন্ন শ্রেণির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১০৪, ১৮৫ ও ২৬০ ইউরো। বাংলাদেশি টাকায় এগুলো যথাক্রমে প্রায় ১৫ হাজার, ২৬ হাজার ৭০০ এবং ৩৭ হাজার ৫০০ টাকা। শিশুদের জন্য টিকিটের দাম রাখা হয়েছে মাত্র ১৭ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৫০০ টাকা।
মেসির শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতে ২০২২ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্যদেরও আমন্ত্রণ জানিয়েছে এএফএ। সাবেক অধিনায়কের সঙ্গে মাঠে সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন বিশ্বকাপজয়ী সতীর্থরা।
২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর আর্জেন্টিনার হয়ে দীর্ঘ ক্যারিয়ারে একাধিক শিরোপা জিতেছেন তিনি। এর মধ্যে ২০২১ সালের কোপা আমেরিকা ও ২০২২ সালের বিশ্বকাপ জয় অন্যতম।এখন বেনিনের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে সেই অধ্যায়ের শেষ পাতা লিখতে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা।




















