পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসবি রক্তদান ফাউন্ডেশন’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সংগঠনের উদ্যোগে স্বেচ্ছাসেবী মিলনমেলা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দুর্গাপুরের বুরুঙ্গাস্থ সংগঠন কার্যালয়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈকত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, মানবিক মূল্যবোধকে কাজে লাগাতে পারাই মানুষের জীবনের সবচেয়ে বড় সার্থকতা। এসবি রক্তদান ফাউন্ডেশনের সদস্যরা নিরলসভাবে সেই কাজটাই করে যাচ্ছে। একজন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দিয়ে যেমন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে ভূমিকা রাখেন, তেমনি রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে তৈরি হয় এক আত্মিক ও মানবিক সেতুবন্ধন।
তরুণদের এ ধরনের মহতী উদ্যোগের প্রশংসা করে বক্তারা ব্লাড ব্যাংক সমৃদ্ধকরণসহ রক্তদানে যুবসমাজকে আরও উদ্বুদ্ধ করার আহ্বান জানান। একই সাথে এসবি রক্তদান ফাউন্ডেশনের সার্বিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তাঁরা।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ সংগঠনের স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।























