নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে হামলা, ভাঙচুর, লুটপাট ও জমি দখলের চেষ্টার অভিযোগে স্থানীয় সংসদ সদস্যের ছেলে আবুল কাউছার আশাসহ আটজনের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেনের স্ত্রী নার্গিস মাকসুদ।
শনিবার (৩ অক্টোবর) তিনি এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, লাঙ্গলবন্দে ১৫০ শতাংশ জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে গত ১ অক্টোবর সকাল ১০টার দিকে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে একটি ব্যবসায়িক অফিস ও বালুর গদিতে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় কর্মচারীদের মারধর করে বের করে দেওয়া, নগদ ১ লাখ ২ হাজার টাকা লুট এবং অফিসের আসবাবপত্র, এসি, সিসি ক্যামেরা, ল্যাপটপ ও দরজা-জানালা ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী।
অভিযোগে আরও বলা হয়, একই দিন সন্ধ্যায় লাঙ্গলবন্দ বাজারে অবস্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেনের ব্যক্তিগত অফিস দখল করে তাঁর ব্যানার সরিয়ে সংসদ সদস্যের ব্যানার টানানো হয়। জমিটি নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান এবং আদালত ওই জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবিতে অস্বীকৃতি জানানোর জেরে এ ঘটনা ঘটেছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।






















