
শিউলি ফুল দিয়ে সাজসজ্জার চ্যালেঞ্জের কথা জানিয়ে পরীমনি বলেন, ‘শিউলি ফুলের কথা মাথায় রেখেই সব পরিকল্পনা সাজিয়েছি। ফেসবুকে স্ট্যাটাস দিয়েও বলেছিলাম আমাকে অনেকগুলো শিউলি ফুল এনে দিতে।

পুরো আয়োজনকে শিউলি ফুলের বাগানে রূপ দেওয়ার ইচ্ছা ছিল পরীমনির। বাস্তবতার কারণে সেই স্বপ্ন পূরণ না হলেও নিজের সাজে ফুটিয়ে তুলেছেন প্রিয় ফুলের আবহ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার খুব ইচ্ছে ছিল পুরো জায়গাটি শিউলি ফুলের বাগান বানিয়ে ফেলব। বাস্তবতায় তা সম্ভব না হওয়ায় নিজেই একটু শিউলি ফুলের মতো করে সেজেছি।’
পরীমনির জন্মদিনের উদযাপনে এই পরিবর্তনের পেছনে রয়েছে জীবনের নানা অভিজ্ঞতা। ২০২৩ সালে প্রিয় নানাকে হারানোর পর থেকে তার জীবনযাপন ও জন্মদিন উদযাপনে পরিবর্তন লক্ষ করা যায়। আগের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে এখন কাছের মানুষদের সঙ্গে একান্তে সময় কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।
এবারও জন্মদিনের প্রথম প্রহর কেটেছে দুই সন্তান পুণ্য ও প্রিয়মকে ঘিরে। সন্তানদের ভালোবাসা, ভক্তদের শুভেচ্ছা আর সহকর্মীদের অভিনন্দনে বিশেষ দিনটি হয়ে ওঠে স্মরণীয়। চাকচিক্যের বদলে শিউলি ফুলের শুভ্রতা আর তারকাদের ভিড়ের বদলে প্রিয়জনদের সান্নিধ্যে জীবনের নতুন আরেকটি বছরকে স্বাগত জানান পরীমণি।
জন্মদিনে ভালোবাসা ও শুভেচ্ছা পাওয়া নিয়েও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবশেষে পরীমনি বলেন, ‘আমি সবার প্রতি কৃতজ্ঞ। শুরু থেকেই সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, পাশে থেকেছেন, আশীর্বাদ করেছেন; সবকিছু ছাপিয়ে আমাকে ভালোবেসেছেন, সেই ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। এর বিপরীতে আমি সুন্দর সুন্দর কাজ ছাড়া আর কিছুই দিতে পারব না। সেটাই যেন করতে পারি, দোয়া করবেন।’
ব্যক্তিজীবনের পাশাপাশি কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ অভিনয় করেছেন তিনি। এতে তার সহশিল্পী ইমতিয়াজ বর্ষণ।























