রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে যে তারা বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে সম্মিলিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। উল্লেখ্য, এই উপসাগরীয় দেশটিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর অবস্থান করছে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেসামরিক প্রতিরক্ষা দলগুলো শিল্প স্থাপনাটির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলটির অবস্থান বা প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তেহরান দেশটির প্রতি তার ‘পরিকল্পিত বৈরী মনোভাব’ অব্যাহত রেখেছে বলেও দাবি করে বাহরাইন।এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, চলমান আগ্রাসন এবং ইরানের আকাশসীমা বারবার লঙ্ঘনের প্রতিশোধ হিসেবে মার্কিন অবস্থানগুলোর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে ইরানের এই দাবির বিষয়ে মন্তব্যের জন্য মার্কিন সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে আঞ্চলিক এই সংঘাত তীব্র আকার ধারণ করে। এর পর থেকে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো এই উত্তেজনায় জড়িয়ে পড়েছে এবং অঞ্চলজুড়ে বারবার ইরানি হামলার ঘটনা ঘটছে। বাহরাইনও সাম্প্রতিক দিনগুলোতে বেশ কয়েকটি ইরানি বিমান হামলা প্রতিহত করার খবর দিয়েছে।