চলতি বছর একের পর এক সম্মাননায় ভূষিত হচ্ছেন ঢাকাই সিনেমার বরেণ্য অভিনেত্রী ববিতা। একুশে পদক ও ‘হুস হু’ সম্মাননার পর এবার তার ঝুলিতে যুক্ত হচ্ছে নতুন স্বীকৃতি- ‘মা পদক ২০২৬’।
বিশ্ব মা দিবস উপলক্ষে আজ রোববার (১০ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। ‘আলী-রূপা ফাউন্ডেশন’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফল সন্তানদের মায়েদের সম্মান জানানো হবে।
আয়োজকদের ভাষ্য, শুধু অভিনয়শিল্পী হিসেবেই নয়, বাস্তব জীবনেও একজন দায়িত্বশীল ও স্নেহময়ী মা হিসেবে ববিতার অবদানকে সম্মান জানাতেই তাকে এ পদক দেওয়া হচ্ছে। একমাত্র ছেলে অনিককে আদর্শ ও শিক্ষায় গড়ে তোলার বিষয়টিও বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে।
এই স্বীকৃতি পেয়ে আবেগ প্রকাশ করেছেন ববিতা। তিনি জানান, অভিনয়জীবনে বহু রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সম্মাননা পেলেও মা হিসেবে এমন স্বীকৃতি তাকে ভিন্নরকম আনন্দ দিয়েছে। তার ভাষায়, একজন নারীর জীবনে মাতৃত্বের সম্মানই সবচেয়ে বড় প্রাপ্তি।
এদিকে আগামী ২৬ জুলাই যুক্তরাষ্ট্রে ‘আনন্দ মেলা’র পক্ষ থেকেও আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন বাংলা সিনেমার এই কিংবদন্তি অভিনেত্রী।
ববিতা, যার আসল নাম ফরিদা আক্তার পপি। বাংলা সিনেমার অন্যতম উজ্জ্বল নক্ষত্র। বাগেরহাটে জন্ম নেওয়া এই অভিনেত্রী ১৯৭০-এর দশক থেকেই অভিনয়, সৌন্দর্য ও আবেগঘন উপস্থিতির মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন তিন শতাধিক সিনেমায়।


























