ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি।
বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের সালনা এলাকায় এ ঘটনা ঘটে। একই সময়ে মালেকের বাড়ী এলাকায়ও শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এদিকে সালনা থেকে গাজীপুর নগরীর বোর্ডবাজার পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশের পাশাপাশি এসআরবি ও আনসার সদস্যরা কাজ করছেন। শুধু ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, নাওজোড় ও মালেকের বাড়ী এলাকায় বিশৃঙ্খলা চলছে। এসব এলাকার বেশির ভাগ পোশাক কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে।


























