নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় প্রধান সন্দেহভাজন রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারের সময় পালানোর চেষ্টা করলে ডেভিডকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। এতে তার পায়ে গুলি লাগে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে অভিযানে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আজাদ নামে একজনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে অভিযান শুরু হয়। এরপর রাতভর ফতুল্লার দেওভোগ, নাগবাড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ, সামাদ, আদরসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযানে এসআরবির একটি দলও ২ জনকে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান, পুলিশ ও এসআরবির একাধিক দল যৌথভাবে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদের ফতুল্লার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ সদস্য হত্যার পাশাপাশি মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জেলা পুলিশ সুপার সাংবাদিকদের ব্রিফিংয়ের মাধ্যমে জানাবেন।
এর আগে গত রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাশেমবাগ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা (৩২)। তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার সাদা পোশাকে তথ্য সংগ্রহ ও তদন্তের কাজে হাশেমবাগ এলাকায় যান। সেখানে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের কবল থেকে দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচেন এএসআই সাত্তার। তবে আনোয়ার হামলাকারীদের হাতে আটকা পড়েন। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে হাশেমবাগ এলাকার একটি পরিত্যক্ত মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এদিকে, হাশেমবাগ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার ও অপরাধী চক্রের তৎপরতা নিয়ে স্থানীয়দের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, ওই এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে কয়েকটি চক্রের আধিপত্য রয়েছে। অপরিচিত কাউকে দেখলে সন্দেহের বশে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে।


























