যুক্তরাষ্ট্র কি তবে কোপা আমেরিকার চিরস্থায়ী আয়োজক বনে গেল? কাগজে কলমে এই টুর্নামেন্ট দক্ষিণ আমেরিকার। তবে কালেভদ্রে উত্তর আমেরিকায়, আরেকটু স্পষ্ট করে বললে যুক্তরাষ্ট্রেও মাঠে গড়ায়। সেই ‘কালেভদ্রে’ শব্দটা এখন অবশ্য উঠে যাওয়ার যোগাড়। ১২ বছরের ব্যবধানে যদি তৃতীয় বার, আর টানা দ্বিতীয়বারের মতো একটা দেশ আয়োজন করার দায়িত্ব পায়, তাহলে তা না বলে আর উপায় থাকে?
বিষয়টা নিয়ে শেষ কিছু দিন ধরেই গুঞ্জন ছিল। গতকাল সে গুঞ্জনটাই সত্যি হয়েছে। ২০২৮ কোপা আমেরিকার আয়োজক হিসেবে দেশটির নাম ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।
এর ফলে ২০২৬ বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে আরও একটি বড় ফুটবল আসর। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানানো হয়।
২০২৮ সালে লস এঞ্জেলসে বসছে অলিম্পিকের আসর। জুলাই মাসের শেষ দিকে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতাটা আসছে কোপা আমেরিকা যুক্তরাষ্ট্রে আয়োজনের জন্য একটা চ্যালেঞ্জই হয়ে দাঁড়িয়েছিল। সূচিটা সমন্বয় করতে হতো। সেটাও হয়ে গেছে। আগামী ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।
২০২৮ সালের আসর আয়োজনের দৌড়ে ছিল ইকুয়েডরও। তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের হাতে যায় আয়োজক স্বত্ব। বাণিজ্যিক সম্ভাবনা, অর্থনৈতিক সুযোগ এবং উন্নত অবকাঠামো এ সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দেশটির বেশ কয়েকটি স্টেডিয়াম সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। ফলে বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতিও রয়েছে তাদের।
এর আগে ২০১৬ ও ২০২৪ সালে কোপা আমেরিকা হয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে। দুই বারই ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। একবার সফল হয়নি, চিলির কাছে পেনাল্টি শ্যুট আউটে হেরে রানার্স আপ হয়। ২০২৪ সালের আসরে ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বার টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলে আকাশি-সাদারা।
আসছে আসরে খেলবে ১৬টি দল। এর মধ্যে কনমেবলের ১০ সদস্যদেশ সরাসরি অংশ নেবে। বাকি ছয়টি দল আসবে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফ থেকে। ২০২৭ গোল্ড কাপে পারফরম্যান্সের ভিত্তিতে এই ছয় দল বাছাই করা হবে।



























