যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের প্রমোদ নগরী লাস ভেগাস পরিচিত ‘পাপের শহর’ নামে। শহরটি নিয়ে একটি কথা প্রচলিত আছে—লাস ভেগাসে যা ঘটে, তা লাস ভেগাসেই থাকে।
উয়েফা চ্যাম্পিয়নস লিগে গত রাতে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে বিরতির সময় ড্রেসিংরুমে কী হয়েছিল, সেই প্রশ্নের উত্তরে লাস ভেগাসের উদাহরণই টেনেছেন রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনহো। পরে জানিয়েছেন, খেলোয়াড়দের ভুল ধরিয়ে দিতে বিরতিতে তিনটি ভিডিও দেখিয়েছিলেন তিনি।
পিএসভির বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ।
কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৫-১ ব্যবধানে জিতেছে স্প্যানিশ ক্লাবটি। আবারও প্রমাণ করেছে, কেন তাদের বলা হয় ‘কামব্যাক কিং’। এই প্রত্যাবর্তনের নেপথ্যে বড় ভূমিকা ছিল কোচ মরিনহোর বিরতির সময়ের আলোচনা ও কৌশল পরিবর্তনের।বিরতির সময় এমবাপ্পে-ভিনিসিয়ুস-বেলিংহামদের কী বলেছিলেন, ম্যাচ শেষে জানতে চাওয়া হয় মরিনহোর কাছে।
জবাবে তিনি বলেন, ‘ড্রেসিংরুমটা লাস ভেগাসের মতো। লাস ভেগাসে যা ঘটে, তা লাস ভেগাসেই থাকে। আমরা কথা বলেছি। আমরা বন্ধু, তাই নিজেদের মধ্যে কথা বলেছি।’তবে সংবাদ সম্মেলনে বিরতির আলোচনা নিয়ে কিছুটা বিস্তারিত জানিয়েছেন মরিনহো, ‘প্রথমার্ধের খেলা দেখে মনে হয়েছে, আমরা খুবই বাজে খেলেছি।
বিশ্লেষকদের সঙ্গে মিলে তিন-চারটি ভিডিও ক্লিপ বের করার চেষ্টা করেছি যেন খেলোয়াড়দের দেখাতে পারি, আমরা ঠিক কোথায় ভুল করছি। বিরতিতে খুব বেশি কথা হয়নি। কারণ, একটি ছবি হাজার কথার চেয়েও বেশি কিছু বলে। আমরা তিনটি আলাদা দৃশ্য দেখেছি। একটি রক্ষণভাগের ভুল, অন্য দুটি আক্রমণভাগের ভুল নিয়ে। ভিডিও দেখলে খেলোয়াড়দের জন্য বিষয়গুলো বোঝা সহজ হয়।’মরিনহোর কথা কাজে লেগেছে। বিরতির পর মাঠে নেমেই পাঁচ মিনিটের মধ্যে সমতা ফেরান অধিসায়ক ফেদেরিকো ভালভের্দে। এরপর জুড বেলিংহামের দুর্দান্ত গোলে এগিয়ে যায় রিয়াল। কিলিয়ান এমবাপ্পে করেন জোড়া গোল, অন্য গোলটি ভিনিসিয়ুস জুনিয়রের।
বিরতির আলোচনা নিয়ে ভালভের্দে বলেন, ‘আমাদের আরো পরিশ্রম করতে হবে এবং নিজেদের খেলার উন্নতি করতে হবে। কোচ আমাদের সেটাই বুঝিয়েছেন।’
গোলকিপার থিবো কোর্তোয়া জানিয়েছেন, ৫০ মিনিটের মধ্যে গোল করতে পারলে ম্যাচে ফেরা সহজ হবে, এমন বার্তাও দিয়েছিলেন মরিনহো। দ্বিতীয় দ্রুত গোল পাওয়ায় ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হয়েছে।
পাঁচ ম্যাচের সবকটিতে জিতে চ্যাম্পিয়নস লিগ পয়েন্ট তালিকার শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।