এই ইনিংসে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন সূর্যবংশী। ভেঙেছেন দ্রুততম সেঞ্চুরি ও দেড় শ রানের রেকর্ডও। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে ২৮ ছক্কা মারার রেকর্ডও এখন তার।
নিজের ব্যাটিং নিয়ে উদ্বেগের কথা জানাতে চারজনের সঙ্গে কথা বলেন সূর্যবংশী। তারা হলেন বাবা সঞ্জীব সূর্যবংশী, শৈশবের কোচ মনীশ ওঝা, বন্ধু প্রথম যাচক এবং তার আদর্শ যুবরাজ সিং।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজের সঙ্গে কথোপকথন নিয়ে সূর্যবংশী বলেন, ‘যুবরাজ স্যারের সঙ্গে প্রায় আধা ঘণ্টা কথা বলেছি। ব্যাটিং নিয়ে অনেক কিছু বুঝিয়েছেন তিনি। আমি খুব চাপে ছিলাম। ব্যাটিং করতে নামার সময় কী কী সমস্যায় পড়ছি, সেগুলো খোলাখুলি বলেছি। তিনি সবকিছু বুঝিয়ে দিয়েছেন।’
যুবরাজের একটি পরামর্শ বিশেষভাবে কাজে লেগেছে বলে জানিয়েছেন সূর্যবংশী, ‘তিনি মূলত বলেছেন, তুমি যদি ২০ বলও ব্যাট করো, দলের স্কোর অনেক বদলে যাবে। ব্যাটিংয়ের কৌশল নিয়েও অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সবকিছুই আমাকে সাহায্য করেছে।’
যুবরাজের পরামর্শ পাওয়ার পর নিজের ব্যাটিংয়ের ভিডিও দেখেন সূর্যবংশী। সেখানে ভুলগুলো খুঁজে বের করে শুধরে নেওয়ার চেষ্টা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি (যুবরাজ) আমার আদর্শ। নিজের আদর্শের সঙ্গে কথা বললে তার কথা মনোযোগ দিয়ে শোনা উচিত। আমি সেটাই করেছি। তিনি আমার ব্যাটিংয়ের নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। পরে নিজের ব্যাটিংয়ের ভিডিও দেখে বুঝতে পেরেছি, কোথায় ভুল করছিলাম। পরদিন সেটি শুধরে নেওয়ার চেষ্টা করেছি। তার কথা মেনে খেলেছি, যা আমাকে সাহায্য করেছে।’
তবে শুধু যুবরাজের পরামর্শই নয়, মাঠের পরিস্থিতি বুঝে নিজের খেলার ধরন বদলানোর সিদ্ধান্তও বড় ভূমিকা রেখেছে এই ইনিংসে। আগের দুই ম্যাচে লম্বা সংস্করণের ক্রিকেটের মতো ব্যাটিং করার চেষ্টা করেছিলেন সূর্যবংশী। আমিরাতের বিপক্ষেও শুরুতে তেমন পরিকল্পনা ছিল। কিন্তু উইকেট দেখে সিদ্ধান্ত বদলে ফেলেন।
এ বিষয়ে সূর্যবংশী বলেন, ‘আইপিএলের পর বলেছিলাম, আমি তিন সংস্করণেই খেলতে পারি। পরিস্থিতি অনুযায়ী নিজের খেলার ধরন বদলানোর নিয়ন্ত্রণ আমার আছে। আগের দুই ম্যাচে লম্বা সংস্করণের ক্রিকেটের মতো খেলার চেষ্টা করছিলাম। আজও (গতকালও) একই মানসিকতা ছিল। কিন্তু পিচ দেখে মনে হলো, বোলাররা খুব বেশি সুবিধা পাবে না। আমি শট খেললে বল ব্যাটে ভালো আসছিল। তাই নিজের শক্তির ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নিই।’



























