জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে নারায়ণগঞ্জের বন্দরে এক বৃদ্ধা মাকে পিটিয়ে জখম ও গলার ছুরি ধরে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তাঁরই তিন সন্তানের বিরুদ্ধে। ৭৬ বছর বয়সী ভুক্তভোগী মা জামিলা বেগম এই ঘটনায় তাঁর দুই ছেলে ও এক মেয়ের নামে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের বাসিন্দা জামিলা বেগম তাঁর ছোট ছেলে আব্দুল্লাহকে ৩ শতাংশ ২০ পয়েন্ট জমি লিখে দেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁর বড় দুই ছেলে আব্দুর রহমান ও আব্দুল আউয়াল এবং মেয়ে সামসুর নাহার। অভিযোগ রয়েছে, তারা জালিয়াতির আশ্রয় নিয়ে ওই জমি নিজেদের নামে লিখিয়ে নেন এবং ছোট ভাই আব্দুল্লাহকে বাড়ি থেকে বের করে দেন।
গত ১ মে এই জালিয়াতির বিষয়টি প্রকাশ হয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে মা ও ছোট ছেলের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় দুই ছেলে লাঠিসোটা দিয়ে বৃদ্ধা মাকে বেধড়ক মারধর করে। এমনকি এক পর্যায়ে তাঁর নিজের মেয়ে সামসুর নাহার মায়ের গলায় ছুরি ধরে সরাসরি হত্যার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে বৃদ্ধা জামিলা বেগম ও তাঁর ছোট ছেলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। জীবন বাঁচাতে তিনি বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়ে নিজের ও ছোট ছেলের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সামান্য কিছু জমির লোভে গর্ভধারিণী মায়ের প্রতি সন্তানদের এমন পৈশাচিক আচরণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বন্দর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





















