আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় ফেডারেশন কাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মোহামেডান কিংস অ্যারেনায় না খেলার দাবিতে অনড় থাকায় আজ আর খেলা মাঠে গড়াচ্ছে না। বাফুফের জরুরি সভায় আগামীকাল কিংস অ্যারেনাতেই ফাইনালের ভেন্যু নির্ধারিত হয়েছে।
বসুন্ধরা কিংসের বিপক্ষে কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না জানিয়ে দিয়েছিল মোহামেডান। আগামীকাল সেই কিংস অ্যারেনায় খেলার ভেন্যু নির্ধারিত হলেও ফুটবলের স্বার্থে মোহামেডান ক্লাব সেটা মেনে নিয়েছে বলে জানা গেছে। তবে মোহামেডান ক্লাব যখন নমনীয় তখন বসুন্ধরা কিংস আবার গো ধরেছে।
সূচি অনুযায়ী আজ ফাইনাল হওয়ার কথা ছিল। সেটা শেষ পর্যন্ত অনুসরণ হয়নি। যেটা বসুন্ধরা কিংসের কাছে ফুটবল পরিপন্থী। এজন্য বসুন্ধরা কিংস ফেডারেশন কাপের ফাইনালের ট্রফি প্রতিপক্ষ দলকে দিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে। বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ভৌমিক আজ সকালে বাফুফেকে এই সংক্রান্ত চিঠি দেন।
ফেডারেশন কাপের ভেন্যু নিয়ে বুধবার চিঠি দিয়েছিল মোহামেডান। সেই চিঠি নিয়ে বাফুফে গতকাল পদক্ষেপ নিয়েছে। গতকাল বিষয়টি সমাধান না হওয়ায় আজ সকালে বাফুফে জরুরি সভা করে। সেই সভায় আগামীকাল কিংস অ্যারেনায় খেলার সুচি নির্ধারিত হলেও ফেডারেশনের কেউ মিডিয়ার সামনে আসেননি। অনেক প্রশ্নের উত্তর এড়াতে ফেডারেশন কর্তাদের এই কৌশল।



























