নেত্রকোণার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে দুর্গাপুরে শিক্ষার মানোন্নয়ন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন জাতীয় সংসদের নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ইট-পাথরের ভবন নির্মাণ নয়, বরং এলাকার সামগ্রিক শিক্ষাব্যবস্থা ও মানবিক উন্নয়নই তার মূল লক্ষ্য।
রোববার (২৩ আগস্ট) দুপুরে দুর্গাপুরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে (বিরিশিরি) এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনায় এবতেদায়ী পঞ্চম শ্রেণি, অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।
নারী শিক্ষার্থীদের সাফল্যে উচ্ছ্বাস
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার নারী শিক্ষার্থীদের অসাধারণ ফলাফলের প্রশংসা করেন। তিনি জানান, সাধারণ শাখায় জিপিএ-৫ পাওয়া ২৮ জন শিক্ষার্থীর মধ্যে ২১ জনই নারী। এ প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুর্গাপুর-কলমাকান্দা থেকে কেউ একজন উচ্চপদে আসীন হবেন।
গত ২১ আগস্ট রাষ্ট্রপতির কাছে ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেওয়ার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, শপথ নেওয়ার সময় তিনি স্বপ্ন দেখেছিলেন, একদিন এই অঞ্চলের কোনো সন্তান রাষ্ট্রপতির পদেও আসীন হবেন।
ফলাফলে হতাশা প্রকাশ
বক্তব্যের একপর্যায়ে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সাম্প্রতিক ফলাফল নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেন ডেপুটি স্পিকার। তিনি জানান, এলাকার তিনটি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার ৪০ শতাংশেরও কম। অথচ এসব প্রতিষ্ঠান সরকারি স্কুলের সমান সুযোগ-সুবিধা পায়।
তিনি উদাহরণ দেন, গুজিরকোনা এলাকার ছেলেদের স্কুল থেকে মাত্র একজন এবং মেয়েদের স্কুল থেকে কেউই জিপিএ-৫ পায়নি। এ কারণে ভবন নির্মাণের পরিবর্তে ফলাফল উন্নয়নে মনোযোগ দেওয়ার কথা জানান তিনি। এ বিষয়ে সমস্যা চিহ্নিত করে সমাধানে ইউএনও ও শিক্ষা কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
কারিগরি শিক্ষা ও মানবিক গুণাবলির গুরুত্ব
শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষার্থীদের মানবিক গুণাবলিতেও গড়ে তুলতে হবে। এ প্রসঙ্গে তিনি জাপানের উদাহরণ টানেন, যেখানে পঞ্চম-ষষ্ঠ শ্রেণি পর্যন্ত কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়া হয় না।
পাশাপাশি কারিগরি শিক্ষার গুরুত্বও তুলে ধরেন তিনি। তার মতে, সাধারণ স্নাতক পাস করে অনেকে বেকার থাকলেও, কারিগরি শিক্ষায় পাস করা শিক্ষার্থীরা সহজেই কর্মসংস্থান পান।
বই উপহার ও সমাপনী
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়া ডেপুটি স্পিকার ব্যক্তিগতভাবে লিও টলস্টয়ের বিখ্যাত বই ‘How Much Land Does a Man Need?’ শিক্ষার্থীদের উপহার দেন।
অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত সভাপতিত্ব করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক মুন মুন জাহান লিজা।




















