যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার অন্যতম সুযোগ ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি। তবে এ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ নেই ভারতের নাগরিকদের। দেশটি আগে থেকেই অযোগ্য দেশের তালিকায় রয়েছে। এর মধ্যে বিশ্বজুড়ে ডিভি ভিসা ইস্যু স্থগিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নিরাপত্তা যাচাই প্রক্রিয়া পর্যালোচনা না হওয়া পর্যন্ত এ কর্মসূচির আওতায় কাউকে ভিসা দেওয়া হবে না।
গত ৩১ আগস্ট এ সিদ্ধান্তের কথা জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। সংস্থাটি বলেছে, ডিভি কর্মসূচির মাধ্যমে নির্বাচিত ব্যক্তিদের পরিচয় যাচাই এবং জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার ঝুঁকি নিরূপণের পদ্ধতি পর্যালোচনা করা হবে। এ প্রক্রিয়ায় কোনো দুর্বলতা থাকলে তা চিহ্নিত করাই স্থগিতাদেশের উদ্দেশ্য।
নতুন সিদ্ধান্তের ফলে ডিভি আবেদনকারীরা আবেদন জমা দিতে পারবেন। এমনকি আগে থেকে নির্ধারিত সাক্ষাৎকারেও অংশ নিতে পারবেন তারা। তবে সাক্ষাৎকার শেষ হলেও আপাতত কাউকে ভিসা দেওয়া হবে না। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নির্ধারিত সাক্ষাৎকার সাধারণত বাতিল বা পিছিয়ে দেওয়া হবে না। এ নির্দেশনায় কোনো ব্যতিক্রমও রাখা হয়নি।
ব্রাউন ইউনিভার্সিটিতে গুলির ঘটনা এবং এমআইটির এক অধ্যাপক হত্যার পর ডিভি কর্মসূচির নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। মার্কিন কর্মকর্তাদের দাবি, এসব ঘটনায় জড়িত ব্যক্তি ডাইভারসিটি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। এরপরই কর্মসূচিটির আবেদনকারী যাচাই ও নিরাপত্তা পরীক্ষার পদ্ধতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
এদিকে, ভারত ডিভি লটারির অযোগ্য দেশের তালিকায় রয়েছে। যুক্তরাষ্ট্রে গত পাঁচ বছরে যেসব দেশ থেকে অভিবাসীর সংখ্যা বেশি, সেসব দেশের নাগরিকদের এ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয় না। এ নিয়মের কারণে ভারতীয়রা দীর্ঘদিন ধরেই ডিভি লটারির বাইরে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডিভি-২০২৬ সালের তথ্য অনুযায়ী, ভারত ছাড়াও বাংলাদেশ, চীন, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম এই কর্মসূচিতে অংশ নেওয়ার যোগ্য ছিল না।
তবে কোনো ব্যক্তি ভারতে জন্মালেও নির্দিষ্ট শর্তে অন্য দেশের মাধ্যমে ডিভি লটারির যোগ্যতা পেতে পারেন। সাধারণত আবেদনকারীর জন্মদেশের ভিত্তিতে যোগ্যতা নির্ধারিত হয়। তবে সীমিত ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর জন্মদেশ কিংবা মা-বাবার জন্মদেশের ভিত্তিতেও আবেদন করার সুযোগ রয়েছে।
ডিভি ভিসা ইস্যু কবে আবার শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো সময়সীমা জানায়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত আবেদনকারীদের অপেক্ষা করতে হবে। তবে নতুন নির্দেশনার কারণে আগে থেকে ইস্যু করা বৈধ মার্কিন ভিসা বাতিল করা হয়নি।



























