শীতের আমেজ নিয়ে আসছে বছরের শেষ মাস ডিসেম্বর, আর সিনেমাপ্রেমীদের জন্য এবার মাসটি সাজানো হয়েছে নতুন নতুন গল্পে। বিশ্বের আলোচিত সব ফ্র্যাঞ্চাইজির সিক্যুয়েল মুক্তির জন্য এবার বেছে নেওয়া হয়েছে বছরের এই শেষ সময়টাকেই। বড় তারকাদের সিনেমাও পিছিয়ে নেই। হলিউডের সঙ্গে প্রায় সমান তালেই হাজির হচ্ছে বলিউড। সুপারহিরোর অ্যাকশন, সায়েন্স ফিকশনের রোমাঞ্চ কিংবা অ্যানিমেশনের হালকা মজা, সবই মিলবে বড় পর্দায়। এই জমজমাট আয়োজনে ফিরছেন বলিউডের দুই জনপ্রিয় তারকা শাহরুখ খান ও সালমান খান। আর ছোট পর্দায় নতুন করে খুলছে হ্যারি পটারের জাদুর দুনিয়ার দরজা।
ডিসেম্বরজুড়ে কোন তারকার কী চমক অপেক্ষা করছে, চলুন দেখে নেওয়া যাক।
আগামী মাস ডিসেম্বরে বড় পর্দায় আসছে হলিউড ও বলিউডের একাধিক আলোচিত সিনেমা। মাসের শুরুটা সালমান খানের ‘মাতৃভূমি’ দিয়েই শুরু হচ্ছে। এরপর মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, ‘ডুন: পার্ট থ্রি’, ‘দ্য অ্যাংরি বার্ড মুভি থ্রি’ ও শাহরুখ খানের ‘কিং’।
এদিকে আবার বড়দিন থেকে এইচবিওতে শুরু হচ্ছে নতুন ‘হ্যারি পটার’ সিরিজ।
‘মাতৃভূমি’
সালমান খানের ‘মাতৃভূমি’ আগে ২০ নভেম্বর মুক্তির কথা ছিল। গত ৬ নভেম্বর মুম্বাইয়ে ট্রেলার উন্মোচনের অনুষ্ঠানে সালমান নতুন তারিখ ৪ ডিসেম্বর জানান। এর আগে ছবিটির মুক্তি কয়েকবার পিছিয়েছে। অপূর্ব লাখিয়া পরিচালিত ছবিটি ২০২০ সালে ভারত ও চীনের সেনাদের মধ্যে গালওয়ান উপত্যকার সংঘর্ষের ঘটনা অবলম্বনে নির্মিত। সালমানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং।
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ প্রথমে ২০২৬ সালের ১ মে মুক্তির কথা ছিল। পরে তারিখ পিছিয়ে ১৮ ডিসেম্বর করা হয়। সদ্যই মুক্তি পেয়েছে এর ট্রেলার। রুশো ব্রাদার্স (অ্যান্থনি ও জো) পরিচালিত এই সিনেমায় অভিনয় করছেন রবার্ট ডাউনি জুনিয়র, যিনি এবার ডক্টর ডুমের ভূমিকায় ফিরছেন। এছাড়াও রয়েছেন ক্রিস ইভানস।
‘ডুন: পার্ট থ্রি’
একই দিন (১৮ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে ডেনিস ভিলনিউভ পরিচালিত সায়েন্স ফিকশন ‘ডুন: পার্ট থ্রি’। ফ্র্যাঙ্ক হারবার্টের ১৯৬৯ সালের উপন্যাস ‘ডুন মেসায়াহ’ অবলম্বনে নির্মিত এই ছবিকে সিরিজের শেষ কিস্তি ধরা হচ্ছে। এতে পল অ্যাট্রেইডিসের ভূমিকায় আছেন টিমোথি শ্যালামে ও চানির ভূমিকায় জেন্ডায়া। এ সিনেমার গল্পে এবার ক্ষমতার শীর্ষে থাকা পল অ্যাট্রেইডিসের সাম্রাজ্য দখলের ষড়যন্ত্রে জড়িয়ে পড়বে মহাকাশের ক্ষমতাধর বিভিন্ন গোষ্ঠী। তার নেতৃত্বে শুরু হওয়া পবিত্র যুদ্ধের পরিণতি, ক্ষমতাচ্যুত রাজপরিবারগুলোর ষড়যন্ত্র এবং সাম্রাজ্যের ভেতরে বিদ্রোহের আশঙ্কা ঘিরে তৈরি হবে নতুন সংকট।
‘দ্য অ্যাংরি বার্ড মুভি থ্রি’
আগে ২০২৭ সালের ২৯ জানুয়ারি মুক্তির কথা ছিল, পরে তারিখ এগিয়ে ২৩ ডিসেম্বর করা হয়েছে। জন রাইস পরিচালিত এই অ্যানিমেটেড সিনেমায় আগের মতো রেড, চাক, সিলভার ও বম্বের চরিত্রে কণ্ঠ দিয়েছেন জেসন সুডেইকিস, জশ গ্যাড, র্যাচেল ব্লুম ও ড্যানি ম্যাকব্রাইড।
‘কিং’
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ খানের ‘কিং’ মুক্তি পাচ্ছে আগামী ২৪ ডিসেম্বর। ‘পাঠান’-এর পর এটি শাহরুখ ও সিদ্ধার্থ আনন্দের দ্বিতীয় কাজ। এই সিনেমার মাধ্যমে তিন বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ। ছবিতে আরও আছেন দীপিকা পাড়ুকোন ও শাহরুখের মেয়ে সুহানা খান। ইতোমধ্যে সিনেমার পোস্টার, আইটেম গান মুক্তি পেয়েছে। এখন শুধু সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে দর্শক।
‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ (সিরিজ)
এইচবিও ও এইচবিও ম্যাক্সে শুরু হচ্ছে সিরিজ ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’। আগে এটি ২০২৭ সালে আসার কথা ছিল। প্রথম মৌসুমে থাকছে আট পর্ব। হ্যারি, হারমাইনি ও রনের চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে ডমিনিক ম্যাকলাফলিন, অ্যারাবেলা স্ট্যান্টন ও অ্যালাস্টেয়ার স্টাউট।


























