ইসরায়েলের হাইফা বন্দরে ইউক্রেন থেকে চুরি হওয়া গমবাহী একটি জাহাজ নোঙর করাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে কিয়েভে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে জাহাজটি ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসরায়েলকে অনুরোধ জানানো হয়েছে।
ইউক্রেনের অভিযোগ, তাদের দেশ থেকে চুরি করা গম বোঝাই একটি জাহাজ ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা বন্দরে অবস্থান করছে। এই ঘটনার প্রতিবাদে সোমবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করে একটি বিশেষ ‘প্রোটেস্ট নোট’ বা প্রতিবাদপত্র দেয় ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিয়েভ স্পষ্ট জানিয়েছে, এই জাহাজটি এবং এর পণ্য ফেরত দেওয়ার বিষয়ে ইসরায়েলকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সাইবিয়াহ এই ইস্যুতে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলেন, ইসরায়েল যদি জাহাজটি থেকে পণ্য খালাস করার অনুমতি দেয় বা সেটিকে বন্দরে অবস্থান করতে দেয়, তবে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।
সাইবিয়াহ দাবি করেন, রাশিয়া ইউক্রেনকে চাপে ফেলার কৌশল হিসেবে তাদের গম চুরি করে বিদেশে বিক্রি করছে এবং ইসরায়েল এক্ষেত্রে রাশিয়াকে সহযোগিতা করছে।
আন্দ্রি সাইবিয়াহ আরও উল্লেখ করেন যে, এর আগেও একই বন্দরে ইউক্রেন থেকে চুরি হওয়া পণ্যবাহী জাহাজ ভিড়েছিল। তখন অভিযোগ জানানো সত্ত্বেও ইসরায়েল যথাযথ ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, “ইউক্রেনের বৈধ অনুরোধ রক্ষায় ইসরায়েলের এমন নিষ্ক্রিয়তার কারণ আমাদের কাছে বোধগম্য নয়।” তার মতে, দুই দেশের সুসম্পর্ক বজায় রাখতে হলে রাশিয়ার এই অবৈধ বাণিজ্যে ইসরায়েলের সহায়তা বন্ধ করা জরুরি।
ইউক্রেনের এমন প্রকাশ্য অভিযোগের কড়া জবাব দিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার। তিনি বলেন, ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী যে অভিযোগ তুলেছেন, তার সপক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ দিতে পারেননি।
গিদেওন সার পাল্টা আক্রমণ করে বলেন, “কূটনৈতিক সম্পর্ক টুইটার বা মিডিয়ার মাধ্যমে পরিচালিত হয় না। এই অভিযোগ মিডিয়ায় জানানোর আগে আমাদের জানানো উচিত ছিল।” তবে বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, কয়েক দিন আগে হাইফা বন্দরে ‘এবিনস্ক’ নামক একটি গম বোঝাই জাহাজ নোঙর করেছে। কিয়েভের দাবি, এই জাহাজে থাকা গম মূলত রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিয়ে বর্তমানে দুই দেশের মধ্যে ব্যাপক কূটনৈতিক অস্থিরতা বিরাজ করছে।


























