যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী ৪ মে দেশে আসবে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এই তথ্য জানিয়েছেন।
তিনি এক ফেসবুক পোস্টে জানান, লিমনের মরদেহ এরইমধ্যে ফিউনারেল হোম গ্রহণ করেছে এবং ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
গোলাম মোর্তোজা জানান, মরদেহটি অরল্যান্ডো (এমসিও) থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ২ মে রাত ৮টা ৫০ মিনিটে রওনা হবে। পথে দুবাই-এ ট্রানজিট থাকবে।
এদিকে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা বে এলাকার ইসলামিক সোসাইটিতে লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা।
প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।
একইদিন পিএইচডির শিক্ষার্থী বাংলাদেশি নাহিদা সুলতানা বৃষ্টিও নিখোঁজ হন। বৃষ্টির মরদেহের অংশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন জলাশয় থেকে মরদেহের অংশ উদ্ধার করা হয়।






















