গভীর রাতে হঠাৎ করেই আগুন লেগে যায় আবদুস সালাম শিকদার ও নাসিমা বেগম দম্পতির ছোট্ট সাজনো গোছানো কাঠ আর টিনের তৈরি ঘরে। আগুনে দাউদাউ করে পুড়তে থাকা ঘর থেকে আদরের তিন কণ্যাকে বাইরে বের করে দিতে পারলেও বাবা সালাম আর মা নাসিমার ভাগ্যে ছিল নির্মম পরিণতি। আগুনে পুড়ে প্রাণ যায় তাদের।
শুক্রবার (৮ মে) রাত দেড়টার দিকে ঢাকার দোহারের বিলাশপুর রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।
তাদের প্রতিবেশিরা জানান, গভীর রাতে ওই বাড়িতে আগুন লাগার পর তাদের চিৎকার শুনে আশপাশের মানুষ জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এসময় আবদুস সালাম শিকদার ও নাসিমা বেগম তাদের তিন সন্তানকে নিরাপদে ঘর থেকে বের করলেও দুজনেই ঘটনাস্থলে মারা যান।
ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণে আনতে বেজে যায় ভোর চারটা। ততক্ষণে পুড়ে যায় পুরো ঘরটি।
নিহত সালাম-নাসিমা দম্পতির চার সন্তান, চারজনই মেয়ে। সন্তানরা সবাই সুস্থ আছেন।
দোহার থানার এসআই সুমন সরকার বলেন, ‘রাত ১২টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। দুজন পুড়ে মারা গেছেন। তবে পরিবার ময়নাতদন্তের পক্ষে না। ’
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিককে বলেন, ‘আগুনে পুড়ে দুইজন মারা গেছেন। তাদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিদ্যুতের শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।’























