বয়স মাত্র ১৯। এর মাঝেই বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা হয়ে উঠেছেন লামিনে ইয়ামাল। বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর স্পেনের জার্সিতে বিশ্বকাপ জয়ের স্বাদও পেয়েছেন এই তরুণ ফরোয়ার্ড।
এবার ব্যালন ডি অ’র জয়ের দৌড়েও নিজের দাবিকে জোরালভাবে তুলে ধরেছেন তিনি। প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপ্পেকে বিশ্বের অন্যতম সেরা মেনে নিয়েও ইয়ামালের বিশ্বাস, চলতি বছরে নিজের অর্জনের বিচারে পুরস্কারটি তারই প্রাপ্য।
আগামী ২৬ অক্টোবর লন্ডনে বসবে ব্যালন ডি অ’র পুরস্কারের আসর। ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ইয়ামাল ও এমবাপ্পে। ব্যক্তিগত পরিসংখ্যানে এমবাপ্পে নজর কাড়লেও দলীয় সাফল্যের দিক থেকে নিজের অবস্থানকে এগিয়ে রাখছেন ইয়ামাল।
গত মৌসুমে বার্সেলোনার অন্যতম সেরা পারফর্মার ছিলেন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ গোলের পাশাপাশি করেছেন ১৮টি অ্যাসিস্ট। তার পারফরম্যান্সের ওপর ভর করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সেলোনা।
চ্যাম্পিয়ন্স লিগেও কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল কাতালান ক্লাবটি। এর সাথে স্পেনের হয়ে বিশ্বকাপ জয় তার ব্যালন ডি অ’র জয়ের দাবিকে আরো শক্তিশালী করেছে।
সম্প্রতি মুভিস্টারকে দেয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পের সাথে তুলনা নিয়ে আত্মবিশ্বাসী ইয়ামাল বলেন, ‘সত্যি বলতে, আমার মনে হয় আমরা দু’জনই এখন বিশ্বের সেরা। এটা আমার কাছে এবং যারা আমাদের খেলা দেখেন, তাদের কাছেও স্পষ্ট। তবে এ বছর আমি যে ট্রফিগুলো জিতেছি, সেই হিসেবে আমারই ব্যালন ডি অ’র পাওয়া উচিত।’
গত বছর ব্যালন ডি অ’রে দ্বিতীয় হয়েছিলেন ইয়ামাল। পুরস্কার জিতেছিলেন ওসমানে দেম্বেলে। এবার তার সামনে বড় প্রতিদ্বন্দ্বী এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত ব্যক্তিগত পারফরম্যান্স করলেও এ মৌসুমে বড় কোনো দলীয় ট্রফি জিততে পারেননি ফরাসি তারকা। সেই জায়গাতেই নিজের বাড়তি সুবিধা দেখছেন ইয়ামাল।
শেষ পর্যন্ত ব্যক্তিগত পারফরম্যান্স, দলীয় সাফল্য এবং ভোট- কোনটি বেশি গুরুত্ব পায়, তার উত্তর মিলবে ২৬ অক্টোবর লন্ডনের মঞ্চে।























