নীলফামারীর ডোমারে শ্যামল শর্মা (৩৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) রাতে ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের নীলাহাটিতে এ ঘটনা ঘটে।
নিহত শ্যামল শর্মা শালমারা মধ্য পাড়া গ্রামের শুসেন শীলের ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সালমারা গ্রামের মকবুল হোসেনের ছেলে আব্দুর রশিদ (৪০) ও রাজশাহী জেলার রাজপাড়া থানার লক্ষ্মীপুর গ্রামের মৃত রমজান আলীর স্ত্রী শাহনাজ বেগম (২৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে শাহনাজ বেগম নামে এক নারীকে অসামাজিক কর্মকাণ্ডের জন্য নীলাহাটিতে নিয়ে আসেন নিহত শ্যামল শর্মাসহ আসামিরা। পরে রাতে তারা ওই নারীকে বাঁশবাগানে নিয়ে যায়। এসময়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে আসামিরা শ্যামল শর্মাকে মারধর করেন। পরে স্থানীয়রা তার চিৎকার শুনে ছুটে এসে দুজনকে আটক করে শ্যামল শর্মাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই কৃষ্ণ শর্মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
এবিষয়ে ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার ঢাকা পোস্টকে বলেন, অসামাজিক কার্যকলাপের জন্য নারীকে এনে যুবকদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে একজনকে মারধর করা হয়। পরে তিনি হাসপাতালে মারা যান। স্থানীয় নারীসহ দুজনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠিয়েছি।



























