জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার, অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা ও সহকারী অর্থমন্ত্রী আতসুসি মিমুরার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) টোকিওতে জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ক এবং উন্নয়ন অংশীদারত্ব আরও গভীর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ ও সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর পাশাপাশি বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
এ সময় উভয় পক্ষ বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করা এবং নতুন নতুন খাতে সহযোগিতা বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে একমত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। দেশটির অর্থায়নে বাংলাদেশে ইতোমধ্যে বেশ কয়েকটি বড় অবকাঠামো ও সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বর্তমানে জাপানের সহযোগিতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন এবং নতুন চুক্তি সম্পাদনের কার্যক্রম চলমান রয়েছে।

























