যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউজের সাংবাদিকদের বার্ষিক নৈশভোজে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার রাতে আয়োজিত এই অনুষ্ঠানে হঠাৎ বিশৃঙ্খলা সৃষ্টি হলে দ্রুত প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নিরাপদ স্থানে সরিয়ে নেন নিরাপত্তাকর্মীরা। তবে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ট্রাম্প বিচলিত না হয়ে নিজের দায়িত্বের ঝুঁকিকে স্বাভাবিক হিসেবেই উল্লেখ করেছেন।
হোয়াইট হাউজের সংবাদকর্মীদের সম্মানে আয়োজিত এই নৈশভোজে সাংবাদিক ছাড়াও বিনোদন জগতের অনেক তারকা উপস্থিত ছিলেন। হোটেলের বাঙ্কেট হলে যখন অনুষ্ঠান চলছিল এবং ট্রাম্প খাবার টেবিলে বসা ছিলেন, ঠিক তখনই বিকট শব্দের আওয়াজ শোনা যায়।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, শব্দের পরপরই সিক্রেট সার্ভিসের সদস্যরা প্রেসিডেন্টকে চারপাশ থেকে ঘিরে ফেলেন। নিরাপত্তার স্বার্থে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পকেও দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়। একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে, তারা বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন।
ঘটনার পরবর্তী এক সংবাদ সম্মেলনে রাজনৈতিক সহিংসতা নিয়ে নিজের উদ্বেগের কথা জানান ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে এমন হামলা হতে পারে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি কিছুটা উদ্বিগ্ন হলেও আতঙ্কিত নন।
ট্রাম্পের মতে, “প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা একটি অত্যন্ত বিপজ্জনক কাজ। আমি মনে করি না এর চেয়ে ঝুঁকি আর কোনো পেশায় আছে। তবে এটি আমার কাজেরই অংশ এবং আমি দেশকে ভালোবাসি বলেই এখানে এসেছি।” দেশের জন্য কাজ করতে পেরে তিনি গর্ববোধ করেন বলেও জানান।
পুরো বিষয়টিকে সাহসের সাথে মোকাবিলা করে ট্রাম্প কিছুটা রসিকতাও করেন। তিনি বলেন, “যদি আগে থেকেই জানতাম যে প্রেসিডেন্টের দায়িত্ব এতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, তবে হয়তো আমি নির্বাচনেই দাঁড়াতাম না।”
উল্লেখ্য, প্রতিবছর হোয়াইট হাউজে কর্মরত সাংবাদিকদের সম্মানে এই বিশেষ ডিনারের আয়োজন করা হয়। তবে এ বছরের অনুষ্ঠানে গুলির শব্দে উপস্থিত সবার মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।



























