মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে আরব উপসাগরীয় অঞ্চলের অর্থনীতি নিয়ে দুঃসবাদ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আল জাজিরার খবরে জানানো হয়, যুদ্ধের ধাক্কা কাটিয়ে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতি ঘুরে দাঁড়ালেও শিগগিরই যুদ্ধ-পূর্ববর্তী প্রবৃদ্ধির ধারায় ফিরবে না বলে সতর্ক করেছে আইএমএফ।
আইএমএফের আঞ্চলিক পরিচালক জিহাদ আজুর সাংবাদিকদের বলেন, ‘আমরা মধ্যমেয়াদে যুদ্ধ-পূর্ববর্তী প্রবৃদ্ধির ধারায় ফিরে যেতে পারব না। কারণ, এই অভিঘাত বিভিন্ন খাতের ওপর দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করবে, অবকাঠামোর ক্ষতিসাধন করবে এবং অর্থনৈতিক সক্ষমতা বা সহনশীলতা বাড়ানোর জন্য অতিরিক্ত ব্যয়ের প্রয়োজন হবে।’
এমন এক সময়ে এই মন্তব্য এলো, যখন আইএমএফ উপসাগরীয় অঞ্চলের অর্থনীতি সংকুচিত হওয়ার পূর্বাভাস দিচ্ছে। ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই যুদ্ধ সৌদি আরব ও ইয়েমেন পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং এর ফলে সমুদ্রপথে জ্বালানি পরিবহনের ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত আইএমএফের প্রাক্কলন অনুযায়ী, ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধের সরাসরি প্রভাবের মুখে থাকা মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া অঞ্চলের অর্থনীতি ২০২৬ সালে ০.৩ শতাংশ সংকুচিত হতে পারে।
এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি হলো সৌদি আরব। দেশটির অর্থনীতি ৩.৩ শতাংশ সংকুচিত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
























