চ্যাম্পিয়ন্স লিগে গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের কাছে হারের পর সিরি’আয় আবারও জয়ের পথে ফিরেছে ইন্টার মিলান। সান সিরোয় উদিনেসের বিপক্ষে ম্যাচের শুরুটা স্বাগতিকদের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। দুই গোলে পিছিয়ে পড়লেও দুর্দান্ত প্রত্যাবর্তনে শেষ পর্যন্ত ৫-৩ গোলের বড় জয় তুলে নেয় ক্রিস্তিয়ান কিভুর দল।
নতুন লিগ মৌসুমে এটি ইন্টারের টানা চতুর্থ জয়। চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে।
ম্যাচের শুরু থেকেই ইন্টারকে চাপে রাখে উদিনেসে। নবম মিনিটে কর্নার থেকে আসা বলে মাথা ছুঁইয়ে জেমস আবানকওয়া গোল করে সফরকারীদের এগিয়ে দেন। মাত্র সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ইয়ুর্গেন এক্কেলেনকাম্প। কিয়ান ডেভিসের বাড়ানো বল কাছ থেকে জালে পাঠান তিনি।
দুই গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে ইন্টার। মার্কাস থুরামের পরপর দুটি প্রচেষ্টা দারুণভাবে ঠেকিয়ে দেন উদিনেসের গোলরক্ষক মাদুকা ওকোয়ে। তবে ২৬তম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে ইন্টারের হয়ে ব্যবধান কমান কার্লোস অগুস্তো।
প্রথমার্ধ শেষ হওয়ার ১০ মিনিট আগে সমতায় ফেরে স্বাগতিকরা। থুরামের পাস পেয়ে বাঁকানো শটে উদিনেসের জালে বল পাঠান নিকোলো বারেলা। ফলে বিরতিতে দুই দল ২-২ সমতায় যায়।
দ্বিতীয়ার্ধে ইন্টারের আক্রমণের সামনে অনেকটাই অসহায় হয়ে পড়ে উদিনেসে। ৫৭তম মিনিটে অ্যান্ডি দিউফ ডান দিক দিয়ে বক্সে ঢুকে বল পেছনে বাড়িয়ে দেন। সেখান থেকে নিচু শটে দূরের পোস্ট ঘেঁষে বল জালে পাঠিয়ে ইন্টারকে প্রথমবারের মতো এগিয়ে দেন থুরাম।
এর ১০ মিনিট পর ব্যবধান আরও বাড়ান পিও এসপোসিতো। পিওত্র জিয়েলিনস্কির দ্রুত পাস পেয়ে কাছ থেকে নিচু শটে গোল করেন তিনি।
ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে ইন্টার পঞ্চম গোলের দেখা পায়। বদলি হিসেবে নামা আনজে-ইয়োআন বন্নির প্রথম শট ঠেকিয়ে দিয়েছিলেন ওকোয়ে। তবে ফিরতি বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে দ্বিতীয় প্রচেষ্টায় জালে পাঠান ইন্টারের ফরোয়ার্ড।
যোগ করা সময়ে উদিনেসের হয়ে একটি গোল শোধ করেন ইদ্রিসা গেয়ি। এতে ব্যবধান কিছুটা কমলেও শেষ পর্যন্ত ৫-৩ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার।
এই জয়ে টানা দ্বিতীয় লিগ ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও জয় পেল ইন্টার। এর আগে নাপোলির বিপক্ষেও ২-০ গোলে পিছিয়ে পড়েছিল তারা। পরে দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ গোলে ম্যাচটি জিতে নেয় তারা।
চার ম্যাচে চার জয় ও ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রোমা।
এর আগে দিনের আরেক ম্যাচে তোরিনোকে ২-০ গোলে হারিয়ে সাময়িকভাবে শীর্ষে উঠেছিল রোমা। চার ম্যাচে নিজের ষষ্ঠ গোল করে রোমাকে এগিয়ে দেন ডনিয়েল মালেন। যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি করেন নিকোলো পিসিল্লি। তবে ইন্টারের কামব্যাকের পর দুই দলই চার ম্যাচে শতভাগ জয় নিয়ে সমান ১২ পয়েন্টে অবস্থান করছে।























