ঢালিউড অভিনেত্রী পরীমনির আজ শনিবার (২৪ অক্টোবর) জন্মদিন। তবে এবারের জন্মদিনের আয়োজনের শুরুটা হয়েছে বেশ ঘরোয়া ও আবেগময় পরিবেশে। পরীমনির জন্মদিন মানেই তার ভক্ত-অনুরাগীদের কাছে বাড়তি উন্মাদনা ও আলোচনার কেন্দ্রবিন্দু। তবে এর মধ্যেই সন্তানদের নিয়ে বিশেষ এই দিনের প্রথম প্রহর উদযাপন করেছেন লাস্যময়ী অভিনেত্রী পরীমনি।
শুক্রবার রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রথম প্রহরে জন্মদিনের কেককাটা একটি ভিডিও প্রকাশ করে সেই উদযাপনের বিশেষ মুহূর্ত তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন এ অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে সেই পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, লাল রঙের খোলা গাউনে আনন্দঘন পরিবেশে নিজের জন্মদিন উদযাপন করছেন পরীমনি। এ সময় ছিল তার দুই সন্তান— ছেলে পুণ্য ও কন্যা প্রিয়মও। জন্মদিনের কেককাটা মুহূর্তে অভিনেত্রীকে হাসিমুখে কেক কাটতে দেখা যায়। কেকটির ওপরে মোমবাতি জ্বালানো ছিল। কাটার সময় মাকে ভালোবাসায় ও চুম্বনে ভরিয়ে দেয় দুই সন্তানই।
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই ও সংগ্রামের পথ পেরিয়ে বর্তমান সময়ে দুই সন্তানকে ঘিরেই যেন তার পুরো জগত গড়ে তুলেছেন। লাল হৃদয় ও ফুলের ইমোজি জুড়ে দিয়ে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘হ্যাপি বার্থডে টু মি!’।
সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশের পর থেকেই কমেন্টবক্সে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন।
এর আগে পরীমনি দেশ-বিদেশে জমকালো আয়োজনে তার জন্মদিন পালন করে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন। তবে এবারের জন্মদিনের সূচনা হলো ঘরোয়া আয়োজনে; সন্তানদের স্নিগ্ধ ছোঁয়া ও ভালোবাসায়।

























