ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ওয়েলসের সঙ্গে ড্র করল বাংলাদেশ
মাস দুয়েক আগে ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানকে বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ ফুটবলের টেকনিক্যাল দিকনির্দেশনায় যুক্ত করা নিয়ে দেশের ফুটবলপাড়ায় বেশ চর্চা হয়েছিল। সেই ওয়েলসের অনূর্ধ্ব-১৫ দলের মুখোমুখি হয়ে এবার তাদের গোলশূন্য রুখে দিয়েছে বাংলাদেশ।
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে আজ শনিবার ডিফেন্সের শক্তিমত্তা দেখিয়ে ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।আজারবাইজানের রাজধানী বাকুতে বসেছে বয়সভিত্তিক ফুটবলের এই বড় আসর। অনূর্ধ্ব-১৫ পর্যায়কে বৈশ্বিক মানচিত্রে ফুটিয়ে তুলতে এবারই প্রথম ফিফা এমন টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৯১টি দেশ। বিশ্বকাপের এই মূল ট্রফিটি বিজয়ীদের হাতে তুলে দেবেন খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
তবে সাধারণ আন্তর্জাতিক ফুটবলের ৯০ মিনিটের জায়গায় এই টুর্নামেন্টে ম্যাচের সময় নির্ধারণ করা হয়েছে ৪০ মিনিট, আর ১১ জনের বদলে প্রতি দলে মাঠে নামছেন ৮ জন করে খেলোয়াড়।ওয়েলসের মতো ফিজিক্যালি এগিয়ে থাকা দলের বিপক্ষে কোনো গোল না খাওয়া বাংলাদেশের যুব ফুটবলের জন্য নিশ্চিতভাবেই বড় সাফল্য। ম্যাচের পর জালের চাবি সুরক্ষিত রাখা বাংলাদেশ দলের তরুণ গোলরক্ষক শ্রীনাথ হালদার নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘শারীরিক সক্ষমতায় ওয়েলস আমাদের চেয়ে অনেকটাই এগিয়ে ছিল। তাই আমার প্রথম লক্ষ্যই ছিল ম্যাচটিতে কোনো গোল না খাওয়া, অর্থাৎ ক্লিনশিট রাখা।
সেটি করতে পেরে ভালো লাগছে। পরবর্তী ম্যাচগুলোতেও এই পারফর্ম ধরে রাখতে চাই।’তবে প্রতিপক্ষের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নেওয়ার পরও খেলায় বেশ কিছু ঘাটতি চোখে পড়েছে কোচ আকবর হোসেন রিদনের। বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় দলের পারফরম্যান্স নিয়ে নিজের কিছুটা অসন্তুষ্টির কথা জানান তিনি, ‘দলের পারফরম্যান্সে আমি পুরোপুরি সন্তুষ্ট হতে পারছি না। ছেলেরা নিজেদের শতভাগ দিয়ে খেলতে পারেনি।
প্রতিপক্ষ শারীরিকভাবে বেশ শক্ত এবং ট্যাকটিক্যালিও অনেক পরিপক্ব ছিল। আমরা মূলত বিল্ড-আপ প্লে-তে বেশ কিছু ভুল করেছি। এমনকি ম্যাচের সবচেয়ে সহজ গোলের সুযোগটি নষ্ট করেছি আমরাই।’টুর্নামেন্টের সূচি অনুযায়ী আগামীকাল রোববার কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। একই দিনে তাদের খেলতে হবে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল। নতুন করে মাঠে অনুশীলনের পর্যাপ্ত সুযোগ না থাকায় থিওরিটিক্যাল ম্যাচ অ্যানালিসিসই ভরসা রিদনের। তিনি জানান, ‘আগামীকাল সকালে পর্তুগালের বিপক্ষে নামার পর রাতে আমাদের আরও একটি ম্যাচ আছে। মাঝখানের এই অল্প সময়ে মাঠে অনুশীলনের সুযোগ নেই। তাই আজকের ম্যাচের ভুলত্রুটিগুলো ভিডিও সেশনের মাধ্যমে বের করে খেলোয়াড়দের শুধরে দেওয়ার চেষ্টা করব।’