বাগেরহাট শহরের মহিলা কলেজ রোডের মুন্সীগঞ্জ এলাকায় বড় একটি নারকেল গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন মামুন নামে এক ব্যক্তি। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাঁকে গাছ থেকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়।
রোববার (২৫ অক্টোবর ২০২৬) বিকেল ৫টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
বাগেরহাট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শেখ মামুনুর রশিদের নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালিত হয়। উদ্ধারকারী দলের সদস্যরা গাছ থেকে অজ্ঞান অবস্থায় ওই ব্যক্তিকে নিরাপদে নামিয়ে আনেন। পরে তাঁকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তবে কী কারণে তিনি নারকেল গাছে উঠেছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে অজ্ঞান ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দেওয়ায় ফায়ার সার্ভিসের ভূমিকা প্রশংসিত হয়েছে।



























