তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ তৈরির লক্ষ্যে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) চতুর্থবারের মতো সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড। রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের নিজস্ব সভাকক্ষে দুপুর ২টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
বোর্ডের সভার নোটিশ অনুযায়ী, বৈঠকের আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে তৈরি পোশাকশিল্পের মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের জমা দেওয়া লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং শিল্প খাতে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে পাঠানো নোটিশে সদস্যদের নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেয়। তবে ওই প্রস্তাবে শ্রমিকদের জন্য কত টাকা নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বোর্ড। সভায় প্রস্তাবটি নিয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়। এ সময় উভয় পক্ষ নিজেদের অবস্থান ও যুক্তি তুলে ধরে।
বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে ঘোষিত এই মজুরি কাঠামো ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বাড়িভাড়া, চিকিৎসা ব্যয় এবং সামগ্রিক জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় নতুন করে মজুরি নির্ধারণের দাবি জানিয়ে আসছেন শ্রমিকরা।
উল্লেখ্য, গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। এরপর গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো তৈরি করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

























