বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে সড়কে আটকে পড়া যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে প্রথমে সদর উপজেলার ভবানীপুর ও পরে মেম্বারবাড়ি এলাকায় শ্রমিকেরা অবস্থান নেন। একই সময়ে পাশের নতুন বাজার এলাকাতেও তাঁরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।
দুই স্থানে একযোগে অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল থমকে যায়। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ফলে কর্মস্থলগামী মানুষ ও দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান ও কারখানা বন্ধ
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, সকাল থেকে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন।
অবরোধের কারণে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সেখানে দায়িত্ব পালন করছেন।
এদিকে শ্রমিক অসন্তোষের জেরে বাঘের বাজার এলাকার গ্রিন ফাইবার কম্পোজিট কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
অপরদিকে কালিয়াকৈরের মৌচাক, গাজীপুর মহানগরের নাওজোড় ও ভোগরা বাইপাস এলাকায় শ্রমিকেরা মহাসড়কে জড়ো হওয়ার চেষ্টা করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ধাওয়া দিয়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়।


























