সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে আয়োজিত যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে হেলিকপ্টারে করে তিনি সেখানে পৌঁছাবেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, মঙ্গলবার সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া পর্যবেক্ষণ করবেন তিনি।
এ সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। মহড়া শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
এই যৌথ সামরিক অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস এবং বাংলাদেশ বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।
উল্লেখ্য, নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখণ্ডের নাম স্বর্ণদ্বীপ। প্রধানমন্ত্রী তারেক রহমানের এটিই হবে দ্বীপটিতে প্রথম সফর।

























